“১০০০ টাকায় ব্যবসা শুরু! স্বামী-স্ত্রী মিলে কীভাবে ‘কোটিপতি’ হবেন?”- সূত্র দিলেন মুখ্যমন্ত্রী

“কাজ কোনো ছোট নয়, শুধু দরকার সদিচ্ছা।” বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে উপস্থিত হয়ে ঠিক এই ভাষাতেই রাজ্যবাসীকে স্বনির্ভর হওয়ার পাঠ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সম্মেলন থেকে একদিকে যেমন বড় শিল্প ও রফতানির কথা শোনা গেল তাঁর মুখে, ঠিক তেমনই সাধারণ মানুষের জন্য বাতলে দিলেন ‘স্বল্প পুঁজিতে বাম্পার লাভ’-এর সহজ উপায়।
রাজ্যের যুবসমাজ ও দম্পতিদের উদ্দেশে মুখ্যমন্ত্রী এদিন বলেন, খুব সামান্য পুঁজিতেও বড় ব্যবসা শুরু করা সম্ভব। তাঁর কথায়, “অনেকে আমাকে ক্ষ্যাপায়, আমি কেন চায়ের কথা বলি? প্রধানমন্ত্রী চা বিক্রির কথা বললে দোষ নেই, আর আমি বললেই যত দোষ? মাত্র এক হাজার টাকা নিয়ে শুরু করুন। দুটো কেটলি আর কিছু বিস্কুট কিনুন। দরকার হলে স্ত্রীকে দিয়ে ঘুগনি তৈরি করিয়ে আনুন। বাস স্ট্যান্ড বা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যান। দেখুন এই সামান্য টাকা কয়েকদিনে কোথায় গিয়ে দাঁড়ায়।”
নিজেকে দিয়ে উদাহরণ: কাজের প্রতি নিষ্ঠা বোঝাতে মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে আনেন। তিনি স্পষ্ট জানান, “আমি আজও নিজের বিছানা নিজেই গোছাই। নিজের কাজ নিজে করতে লজ্জা নেই।” বেকারত্বের সমাধান যে শুধুমাত্র চাকরির আশায় বসে থাকা নয়, বরং ছোট উদ্যোগের মধ্যেই লুকিয়ে আছে, এদিন সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি।
এদিনের সম্মেলন থেকে রাজ্যের বাণিজ্যিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন মমতা। তিনি দাবি করেন, MSME বা ক্ষুদ্র-মাঝারি শিল্পে বাংলা আজ দেশের মধ্যে এক নম্বরে। বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, “বাংলার মতো বাণিজ্যিক পরিকাঠামো দেশের খুব কম রাজ্যেই আছে। পশ্চিমবঙ্গ ব্যবসার জন্য আদর্শ জায়গা।”
ব্যবসায়ীদের জন্য বড় ঘোষণা: রাজ্যের বাণিজ্যকে বিশ্বমানের করতে মুখ্যমন্ত্রী এদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেছেন:
বিজনেস হাব: কলকাতা ও শিলিগুড়িতে ‘ট্রেড অ্যান্ড এক্সপোর্ট’ সেক্টরের জন্য তৈরি হবে পৃথক বিজনেস হাব।
প্যাকেজিং ও ব্র্যান্ডিং: বাংলার পণ্যকে বিশ্ববাজারে তুলে ধরতে বিশেষ ব্র্যান্ডিং ও প্যাকেজিংয়ের ওপর জোর দেবে সরকার।
ওয়েলফেয়ার বোর্ড: ব্যবসায়িক সমস্যা দ্রুত সমাধানে আগামী ১৫ দিনের মধ্যে একটি শক্তিশালী ওয়েলফেয়ার বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেখানে প্রতিটি জেলার প্রতিনিধিরা থাকবেন।