সুকুমার রায়ের ‘হযবরল’ নির্বাচন কমিশনে! মহম্মদ সেলিমের পদবি বদলে হলো ‘অবস্থি’, রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল

রাজনৈতিক মতাদর্শ বদলানোর খবর হামেশাই শোনা যায়, কিন্তু সরকারি নথিতে রাতারাতি কারোর ধর্ম বা পদবি বদলে যাওয়ার ঘটনা বিরল। পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের প্রকাশিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ (SIR)-এর খসড়া তালিকায় এমনই এক নজিরবিহীন কাণ্ড ঘটল। সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং তাঁর ছেলের নামের পাশে রাতারাতি জুড়ে দেওয়া হলো ব্রাহ্মণ পদবি ‘অবস্থি’।

ঠিক কী ঘটেছে? ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় দেখা যায়:

  • হেভিওয়েট বাম নেতা মহম্মদ সেলিমের নামের পাশে পদবি লেখা হয়েছে ‘মহম্মদ সেলিম অবস্থি’

  • তাঁর ছেলে আতিশ আজিজের ভোটার তথ্যে বাবার নাম হিসেবেও একই ভুল প্রতিফলিত হয়েছে। অর্থাৎ, কমিশনের খাতায় তাঁরা এখন ‘অবস্থি’ পরিবারের সদস্য!

সেলিম-পুত্রের তির্যক কটাক্ষ: বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন সেলিমের ছেলে আতিশ আজিজ। ফেসবুকে ভোটার কার্ডের স্ক্রিনশট শেয়ার করে তিনি বিদ্রুপের সুরে লেখেন, “মিডিয়া আর বিজেপি বলছিল এসআইআর করে মোল্লাদের টাইট দেওয়া হবে। কিন্তু দেখছি নির্বাচন কমিশন আমাকে আর আমার বাবাকে ব্রাহ্মণ বানিয়ে দিল!” তাঁর এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

প্রহসনের অভিযোগ মহম্মদ সেলিমের: ঘটনায় ক্ষুব্ধ মহম্মদ সেলিম নির্বাচন কমিশনকে একহাত নিয়ে বলেন, “এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করা হয়েছে। আধিকারিকদের কোনও প্রশিক্ষণ নেই। আমার মতো পরিচিত মানুষের যদি এই অবস্থা হয়, তবে সাধারণ মানুষের কী হাল হয়েছে তা সহজেই বোঝা যাচ্ছে।”

কমিশনের সাফাই: নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ঘটনাকে ‘ডেটা এন্ট্রি জনিত ভুল’ বলে আখ্যা দেওয়া হয়েছে। কমিশনের একটি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে এই ধরনের সমস্ত ভুল সংশোধন করে নেওয়া হবে। আতিশ আজিজ ইতিমধ্যেই কলকাতা বন্দর এলাকার বিএলও-র কাছে সংশোধনের আবেদন জানিয়েছেন।

প্রেক্ষাপট: উল্লেখ্য, এই সংশোধিত তালিকায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। যার মধ্যে ২৪ লক্ষ মৃত ও ১৯ লক্ষ স্থানান্তরিত বলে দাবি কমিশনের। তবে মহম্মদ সেলিমের মতো হেভিওয়েট নেতার তথ্য বিকৃতি এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।