“হিন্দু সংস্কৃতিকে তুচ্ছ করছেন”-অখিলেশের মন্তব্যে অগ্নিগর্ভ VHP! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আর মাত্র দু’দিন পরই আলোর উৎসব দীপাবলি। তার আগেই এক জনসভায় সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের একটি মন্তব্যকে ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। দীপাবলিতে প্রদীপ ও মোমবাতিতে অতিরিক্ত খরচ না করার পরামর্শ দিয়ে তিনি বিদেশের উৎসব থেকে ‘শিক্ষা’ নেওয়ার কথা বলেছেন।

তাঁর এই মন্তব্যকে ‘হিন্দু উৎসবের অবমাননা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP)।

এক জনসভায় দীপাবলির খরচ নিয়ে প্রশ্ন তুলে অখিলেশ যাদব বলেন, “আমি সাধারণত কাউকে পরামর্শ দিই না। কিন্তু ভগবান রামের নামে একটি পরামর্শ দিতে পারি। পৃথিবীর সব শহর ক্রিসমাসে আলোকিত হয়। মাসজুড়ে সব সাজানো থাকে। আমরা সেই শিক্ষাটা গ্রহণ করতে পারি।”

তিনি সরাসরি বলেন, “প্রদীপ, মোমবাতিতে এত টাকা খরচ করার কী আছে? সরকার তাহলে কী করবে? এদের (ক্ষমতাসীন দলকে) সরানো উচিত। আমরা (সমাজবাদী পার্টি) এলে আরও সুন্দর আলো দিয়ে শহর সাজানোর ব্যবস্থা করব।”

অখিলেশ মূলত ব্যক্তিগত খরচের পরিবর্তে সরকারি উদ্যোগে শহরগুলিকে আলোকসজ্জা করার পক্ষে সওয়াল করেছেন।

ভিএইচপি-র তীব্র প্রতিক্রিয়া, ‘বিদেশি সংস্কৃতিকে শ্রেষ্ঠত্ব’
অখিলেশ যাদবের এই মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানায় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। তাদের জাতীয় মুখপাত্র বিনোদ বংশাল সরাসরি অখিলেশকে আক্রমণ করেন।

বিনোদ বংশাল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, “দেখুন, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীপাবলিতে ক্রিসমাসের প্রশংসা করছেন। কোটি কোটি হিন্দুর সামনে তিনি বলছেন, ‘প্রদীপ ও মোমবাতিতে টাকা নষ্ট করবেন না, ক্রিসমাস থেকে শিক্ষা নিন।’ এটি মোটেও গ্রহণযোগ্য নয়।”

ভিএইচপি নেতার অভিযোগ, অখিলেশ হিন্দু সংস্কৃতির উপরে বিদেশি সংস্কৃতিকে তুলে ধরছেন। তিনি বলেন, “অখিলেশ নিজে যাদব হয়েও হিন্দুর চেয়ে খ্রিস্টানদের বেশি ভালোবাসেন। ভারতের প্রাচীন উৎসবকে তুচ্ছ করছেন। মাত্র দুই দিন পরে দীপাবলি, যার জন্য আমাদের কুমোর ভাইরা নিজেদের হাতে করে প্রদীপ বানাচ্ছেন, তা তাঁর সহ্য হচ্ছে না।”

বিনোদ বংশাল আরও অভিযোগ করেন, “রাম ও কৃষ্ণের পবিত্র ভূমিতে অখিলেশদের নেতৃত্বে বেআইনিভাবে ধর্মান্তরিত করা হচ্ছে… দীপাবলির আনন্দ ও অযোধ্যার আলো নিয়ে হিংসা করাটা ঠিক নয়।”

সোশ্যাল মিডিয়ায় অখিলেশ যাদবের এই মন্তব্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ এই মন্তব্যকে হিন্দু ধর্ম ও উৎসবের প্রতি স্পষ্ট অবমাননা হিসেবে দেখছেন। তাঁদের মতে, মাটির প্রদীপ শুধু উৎসব নয়, স্থানীয় কুমোরদের জীবিকাও বটে। এই মন্তব্য তাঁদের অনুভূতিতে আঘাত করেছে।

অন্যদিকে, অখিলেশের কিছু সমর্থক মনে করেন, তিনি অতিরিক্ত খরচ কমানোর এবং ব্যক্তিগত চেষ্টার বদলে সরকারি উদ্যোগে শহরগুলি সাজানোর একটি কার্যকরী এবং অর্থনৈতিকভাবে বুদ্ধিদীপ্ত পরামর্শ দিয়েছেন। এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর যে আগামী দিনগুলিতে আরও বাড়বে, তা স্পষ্ট।