স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিগন্ত! পূর্ব ভারতে প্রথম ‘ডুয়েল চেম্বার লিডলেস পেসমেকার’ সফলভাবে স্থাপন কলকাতায়

স্বাস্থ্যক্ষেত্রে ফের এক নজিরবিহীন সাফল্য অর্জন করল শহর কলকাতা। হৃদরোগের চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করে পূর্ব ভারতে প্রথমবার সফলভাবে ডুয়েল চেম্বার (দ্বি-কক্ষ) লিডলেস পেসমেকার স্থাপন করা হলো। হৃদস্পন্দন নিয়ন্ত্রণের এই অত্যাধুনিক প্রযুক্তি চিকিৎসাশাস্ত্রে ‘অ্যাভিয়ার’ (Aveir) প্রযুক্তি নামে পরিচিত।
কলকাতার বিএম বিড়লা হাসপাতালে এক রোগীর হৃদযন্ত্রে এই জটিল অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
কী এই অ্যাভিয়ার প্রযুক্তি?
এই যুগান্তকারী অস্ত্রোপচারের নেতৃত্বে ছিলেন হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের ডিরেক্টর ডা. অনিল মিশ্র। তাঁর তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ দল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন।
ডা. অনিল মিশ্র এই সাফল্যকে ‘হৃদরোগ চিকিৎসার এক ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, “অ্যাভিয়ার প্রযুক্তি রোগীদের দ্রুত আরোগ্য, নিরাপত্তা এবং স্বচ্ছন্দময় জীবন উপভোগের সুযোগ দেবে।”
চিকিৎসকরা জানাচ্ছেন, এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো, এক্ষেত্রে সাধারণ পেসমেকারের মতো বুক চিরে লিড বা তার বসানোর প্রয়োজন হয় না।
একটি ভিটামিন ক্যাপসুলের মতো ছোট্ট এই লিডলেস পেসমেকারটি একটি সূক্ষ্ম ক্যাথেটারের (নল) মাধ্যমে সরাসরি হৃদপিণ্ডের ধমনীতে বসানো হয়।
শরীরে কোনও বড় কাটাছেঁড়া করতে হয় না, ফলে সংক্রমণের ঝুঁকিও অনেক কম থাকে।
এই ডুয়েল চেম্বার পেসমেকার হৃদপিণ্ডের দু’টি কক্ষ – এট্রিয়াম ও ভেন্ট্রিকলের মধ্যে স্বাভাবিক ছন্দ ও সমন্বয় বজায় রাখে এবং এটি প্রায় ১৮ থেকে ২০ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নজর কলকাতায়
এই জটিল অস্ত্রোপচারের পুরো প্রক্রিয়ার সাক্ষী ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক ডা. সাইরাস আদেল হাদাদি, যিনি ওয়াশিংটনের মেডস্টার হার্ট অ্যান্ড ভাস্কুলার ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর। বিশ্বের বিভিন্ন দেশে ৫০০-র বেশি ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার স্থাপনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। কলকাতায় এসে তিনি এই প্রযুক্তি প্রয়োগে স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ ও সহায়তা দেন।
আর দিল্লি-মুম্বই নয়, আন্তর্জাতিক চিকিৎসা এখন কলকাতাতেই
হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে, এই সাফল্যের ফলে পূর্ব ভারতের রোগীদের উন্নত কার্ডিয়াক কেয়ারের জন্য আর দিল্লি, মুম্বই বা বিদেশে ছুটতে হবে না। এখন কলকাতাতেই মিলবে আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসা।
খুব শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্তের কার্ডিয়োলজিস্টদের অ্যাভিয়ার প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে আরও বেশি রোগী এই বিশ্বমানের চিকিৎসার সুবিধা নিতে পারেন।
এই নতুন প্রযুক্তি কি আপনার পরিচিত হৃদরোগীদের জীবনে পরিবর্তন আনতে পারবে বলে মনে করেন? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান।