স্বস্তির মাঝেও বড় বিপদের আশঙ্কা! ঝোড়ো বৃষ্টির পরেই কি লম্বা বিরতি নিতে চলেছে বর্ষা?

ভারতে বর্তমানে ঝোড়ো ইনিংস খেলছে বর্ষা। দেশের একটি বড় অংশ জুড়ে সম্পূর্ণ সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। স্যাটেলাইট চিত্রেও সেই ছবি স্পষ্ট ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, দেশের অভ্যন্তরীণ ভূখণ্ডেই একটি শক্তিশালী বৃষ্টি সহায়ক আবহাওয়া ব্যবস্থা তৈরি হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বঙ্গোপসাগর থেকে আসা নিম্নচাপ বা বাইরের কোনো বড় সিস্টেমের ওপর নির্ভর না করেই এবার দেশের অন্দরেই তৈরি হয়েছে এই জলবায়ু ব্যবস্থা। আর এই বিশেষ আবহাওয়া সিস্টেমকে অনেক আবহাওয়াবিদ ‘মেড ইন ইন্ডিয়া’ ওয়েদার সিস্টেম বলেও অভিহিত করছেন।
স্যাটেলাইট চিত্রে কী দেখা যাচ্ছে?
গত ৪ আগস্ট সন্ধ্যায় তোলা স্যাটেলাইট চিত্রে দেশের বর্ষার যে চিত্র ধরা পড়েছে, তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা (মনসুন ট্রু) আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। এই অক্ষরেখাই বর্তমানে দেশের বর্ষার মূল চালিকাশক্তি। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দেশের একাধিক অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কোথায় কোথায় বাড়বে বৃষ্টির পরিমাণ?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, হরিয়ানার দক্ষিণাংশে একটি নতুন নিম্নচাপ এলাকা বা লো প্রেশার সিস্টেম তৈরি হতে পারে। এর প্রভাবে উত্তর ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আগামী দুই থেকে চার দিন বর্ষার এই সক্রিয়তা বজায় থাকতে পারে।
যে রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
দিল্লি ও এনসিআর এবং হরিয়ানা (যেখানে এতদিন বিক্ষিপ্ত ও কম বৃষ্টি হচ্ছিল)
উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়
বিহার, ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়
পশ্চিমবঙ্গ ও ওড়িশা
উত্তর-পূর্ব রাজস্থান এবং উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য।
বিশেষজ্ঞদের মতে, দিল্লি এবং হরিয়ানার মতো এলাকায় যেখানে এবার বর্ষার ঘাটতি দেখা দিয়েছিল, এই বৃষ্টির স্পেল সেখানকার পরিস্থিতি অনেকটাই বদলাতে সাহায্য করবে।
স্বস্তির মাঝেও বিপদের সঙ্কেত!
বর্ষার এই মারকাটারি ও ঝোড়ো স্পেল সাময়িক স্বস্তি আনলেও আবহাওয়াবিদরা একটি নির্দিষ্ট সতর্কবার্তাও দিয়েছেন। বর্তমান আবহাওয়া মডেলগুলোর পূর্বাভাস অনুযায়ী, বর্ষার এই সক্রিয়তা দীর্ঘস্থায়ী নাও হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই বর্ষায় দীর্ঘ বিরতি বা ‘মনসুন ব্রেক’ আসার আশঙ্কা রয়েছে।
যদি সত্যিই বর্ষায় এমন দীর্ঘ বিরতি দেখা দেয়, তবে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে ফের বৃষ্টির ঘাটতি তৈরি হতে পারে। এর ফলে জলাধারগুলির জলস্তর নেমে যাওয়া, ভূগর্ভস্থ জলের স্তর হ্রাস পাওয়া এবং কৃষিকাজ ব্যাহত হওয়ার মতো গুরুতর উদ্বেগের সৃষ্টি হতে পারে। তবে আপাতত বাইরের কোনো সিস্টেমের সাহায্য ছাড়াই দেশের অভ্যন্তরে তৈরি হওয়া এই শক্তিশালী আবহাওয়া ব্যবস্থার জেরে আগামী কয়েক দিন দেশজুড়ে ঝোড়ো বৃষ্টির অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।