স্ত্রীকে অশ্লীল মন্তব্য! শুভশ্রীর সমর্থনে থানায় অভিযোগ দায়ের রাজ চক্রবর্তীর, ট্রোলারদের বিরুদ্ধে কড়া বার্তা

যুবভারতীতে লিওনেল মেসির দর্শন না পেয়ে একরাশ হতাশা নিয়ে ফিরেছিলেন ফুটবলপ্রেমীরা। কয়েক হাজার টাকা দামের টিকিট কেটেও মহাতারকাকে দেখতে না পাওয়ায় সেই হতাশা থেকেই চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গত ১৩ ডিসেম্বর সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিতেই চরম কটাক্ষ ও অশ্লীল মন্তব্যের মুখে পড়েন। এই ঘটনার প্রতিবাদে এবার কঠোর পদক্ষেপ নিলেন তাঁর স্বামী তথা পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী।
স্ত্রী শুভশ্রীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে রাজ চক্রবর্তী খড়দহ ও টিটাগড় থানায় গণসাক্ষর-সহ লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিধায়ক স্পষ্ট জানিয়েছেন, “কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে এভাবে অশ্লীল ও কুরুচিকর মন্তব্য করা উচিত নয়। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন।”
রাজ চক্রবর্তী যুবভারতীর ঘটনাটিকে ‘ফুটবলপ্রেমী বাঙালির অসম্মান’ বলে মনে করেন এবং দোষীদের শাস্তি দাবি করেন। তবে মেসির সঙ্গে ছবি পোস্ট করার জন্য শুভশ্রী যে ট্রোলিংয়ের শিকার হয়েছেন, তাতে তিনি গভীরভাবে আহত। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে রাজ লিখেছেন:
“পরিচিত মুখ বলে একজন অভিনেত্রীর শারীরিক গঠন থেকে, তিনি বিধায়কের স্ত্রী, তাঁর সন্তান – পরিবার সব কিছুই সমালোচনার বিষয় হয়ে উঠছে। কেন? তিনি একজন নারী বলে? বাংলা ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে? যদি কোনো বলিউডের পরিচিত মুখ থাকতেন, আপনাদের ন্যারেটিভ এমনই হত?”
তিনি আরও বলেন, ট্রোল করা ব্যক্তিরা ভুলে যাচ্ছেন যে তাদের এই কুরুচিকর ব্যবহার থেকেই আগামী প্রজন্ম শিক্ষা নেবে। রাজের কথায়, “প্রতিবাদ আর অপমান দু’টো বিষয়ে বিস্তর ফারাক সেটা বোঝা এবং বোঝানো বিশেষ প্রয়োজন।” তিনি স্পষ্ট করে দেন যে, যুবভারতীর বিশৃঙ্খলার সঙ্গে শুভশ্রীর কোনো যোগাযোগ ছিল না, তিনিও অন্যদের মতোই মহাতারকাকে দেখতে গিয়েছিলেন।
স্ত্রীর সমর্থনে রাজের আবেগঘন বার্তা: “আমাদের উচিত কালকের ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। আগামীকে শুধরাতে গেলে আমাদের সকলের একসাথে শেখা প্রয়োজন। আলোচনা সমালোচনায় সমাধান উঠে আসুক। ট্রোল কালচারে নয়। আর শুভশ্রী, ‘A woman with a voice, is by definition a strong woman and I know how strong you are! I love you, my wife. No matter where life takes us, I promise to always stand by your side’ (যে নারীর কণ্ঠস্বর আছে, সংজ্ঞানুযায়ী তিনি একজন শক্তিশালী নারী, এবং আমি জানি তুমি কতটা শক্তিশালী! আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী। জীবন যেখানেই নিয়ে যাক না কেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সব সময় তোমার পাশে থাকব)।”