যুবভারতী বিতর্কে বিস্ফোরক দাবি পুলিশের! ‘আমাদের না জানিয়েই রাতের অন্ধকারে ঢোকানো হয়েছিল জল ও খাবার’

যুবভারতীর লিওনেল মেসি শোতে যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তার কারণ নিয়ে এবার বিস্ফোরক দাবি করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনুষ্ঠানে জল বা খাবার বিক্রির জন্য ঢোকানোর অনুমতি দেওয়া হয়নি। কিন্তু পুলিশের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই রাতের অন্ধকারে স্টেডিয়ামের ভেতরে খাবার ও পানীয় ঢোকানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকেই জল ও খাবার ঢোকানোয় নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশকে না জানিয়ে রাতের অন্ধকারে জল, খাবার ঢোকানো হয়েছিল। সকালে যখন বিষয়টি নজরে আসে, তখন আর বাধা দেওয়া হয়নি।”
অভিযোগ উঠেছে, কর্তৃপক্ষের অনুমোদনেই ‘কার্ড ঝুলিয়ে গ্যালারিতে জল ও খাবার বিক্রি চলছিল’। এই ঘটনার জেরেই বিশৃঙ্খলা বেড়েছিল বলে মনে করা হচ্ছে। কারণ, টিকিট কেটেও মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ সমর্থকরা মাঠে জলের বোতল ও অন্যান্য জিনিস ছুঁড়েছিল, যা ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অন্যতম কারণ।
এদিকে, যুবভারতীতে মেসি দর্শনকে কেন্দ্র করে ঝামেলার ঘটনায় জল ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। এ নিয়ে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।