‘স্কুবা ডাইভিং নয়, লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে গিয়েই মৃত্যু’, জুবিন গর্গ’কে নিয়ে নতুন তথ্য সামনে আনলেন হিমন্ত

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে, যা আগের খবরকে ভুল প্রমাণ করছে। প্রথমে স্কুবা ডাইভিং করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর মিললেও, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে, গায়ক লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে গিয়েই দুর্ঘটনার শিকার হন।

পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে গিয়েই মৃত্যু হয় জুবিনের।” তিনি আরও জানান, ঘটনার সময়কার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে জুবিন একটি ইয়ট থেকে লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। জানা গেছে, প্রথমে তিনি লাইফ জ্যাকেট পরেই সাঁতার কাটতে নামেন, কিন্তু পরে সেটি খুলে ফেলেন। তিনি নাকি বলেছিলেন যে লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে তার অসুবিধা হচ্ছে।

জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গও এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন যে, জুবিন ইয়ট থেকে সাঁতার কাটতে গিয়েছিলেন এবং সেই সময় তার ‘সিজার অ্যাটাক’ হয়। তিনি জানান, এর আগেও জুবিনের এমন অ্যাটাক হয়েছিল।

৫২ বছর বয়সী জুবিন গর্গ সিঙ্গাপুরে ২০ এবং ২১ সেপ্টেম্বরের ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন। ফেস্টিভ্যাল কর্তৃপক্ষের এক প্রতিনিধি জানিয়েছেন, জুবিন যে ওই ইয়টে গিয়েছিলেন, সে বিষয়ে তারা অবগত ছিলেন না। শনিবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। ময়নাতদন্তের পর জুবিনের দেহ ভারতের হাতে তুলে দেওয়া হবে এবং গুয়াহাটির সরুসজাইয়ে তার দেহ রাখা হবে।