সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জেরে সাসপেন্ড কলকাতা পুলিশের দুই ডিসি! লালবাজারের কড়া পদক্ষেপ

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য ও ভিডিয়ো পোস্ট করার অভিযোগে কলকাতা পুলিশের দুই ডেপুটি কমিশনারের বিরুদ্ধে নজিরবিহীন প্রশাসনিক পদক্ষেপ নিল লালবাজার। সাসপেন্ড করা হয়েছে ডিসি নর্থ-৩ বিধান সাহা এবং ডিসি পোর্ট-২ পার্থপ্রতিম দাসকে। পুলিশের ভাবমূর্তি রক্ষা ও প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

লালবাজার সূত্রে খবর, সম্প্রতি পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ সকল পদস্থ আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। সেই বৈঠকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং ব্যক্তিগত মতামত প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণের নির্দেশ দেওয়া হয়েছিল। কমিশনারের সেই নির্দেশ অমান্য করেই দুই উচ্চপদস্থ আধিকারিক বিতর্কিত পোস্ট করেছিলেন বলে অভিযোগ। এই অভিযোগ সামনে আসার পরেই কলকাতা পুলিশের শীর্ষ কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে এবং প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে তাঁদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়।

প্রশাসনিক মহলের মতে, বাহিনীর শৃঙ্খলা ও জনআস্থা বজায় রাখতে লালবাজার এখন ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করছে। সম্প্রতি শ্যামপুকুর থানায় কর্তব্যে গাফিলতির অভিযোগে পুলিশ কর্মীদের শাস্তির পর, এবার উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে এই কড়া ব্যবস্থা বুঝিয়ে দিল যে, শৃঙ্খলাভঙ্গের প্রশ্নে কাউকেই ছাড় দেওয়া হবে না। অভ্যন্তরীণ নজরদারি ও বিভাগীয় তদন্তের মাধ্যমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ায় পুলিশের ভাবমূর্তি নষ্ট হতে পারে—এমন যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে লালবাজারের অন্দরে ইঙ্গিত মিলেছে।