‘সোমবার বিকেল ৫টা পর্যন্ত টাইম দিলাম’! সিইও-র বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিযোগ নিয়ে সুর চড়ালেন শুভেন্দু, দীপাবলির পর ধর্নার হুঁশিয়ারি।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ‘দুর্নীতির অভিযোগ’ নিয়ে এবার চরম চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মুখ্যমন্ত্রীকে স্পষ্ট ‘ডেডলাইন’ বেঁধে দিয়ে বলেছেন, মুখ্যমন্ত্রী যদি সোমবার বিকেল ৫টার মধ্যে সেই অভিযোগ প্রমাণ করতে না পারেন, তবে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর কার্যালয়ের (CMO) স্টাফ এবং আইএএস-আইপিএস অফিসারদের দুর্নীতির ‘সিরিজ অফ দুর্নীতি’ ফাঁস করবেন।

শুক্রবার সিইও-র দফতরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকে তীব্র নিশানা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়ালের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার IAS-IPS অফিসারদের, আপনার CMO-র স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজ কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলব। ফাঁস করুন। আপনাকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত টাইম দিয়ে গেলাম। প্রমাণ দিতে হবে আপনাকে।”

সিইও-র দফতরে ধর্না ও অভিযোগ
শুভেন্দু অধিকারী আরও বলেন, “মনোজ আগরওয়াল কী করছেন, মুখ্যমন্ত্রী না বললে দীপাবলির পরে সিইও দফতরে ধর্না দেব।” কেন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও সব আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়নি এবং কোনও এফআইআর দায়ের হয়নি, সেই বিষয়েও প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা।

তিনি সিইও দফতরে একটি লিখিত অভিযোগ দিতে এসেছেন জানিয়ে বলেন, “অভিযোগ জানানো হয়েছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কাছেও। বিষয়টি খুবই গুরুতর।”

মুখ্যমন্ত্রীর ভাষা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর মতে, মুখ্য সচিব মনোজ পন্থের উপস্থিতিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি সিইও-কে আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, সিইও এগিয়ে খেলছে। “এই ভাষা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। সরাসরি কমিশনকে হুমকি।”

ভোটার তালিকার বিতর্ক
প্রসঙ্গত, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে বৃহস্পতিবার অনিয়মের অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের উদ্দেশে বলেছিলেন, “আগুন নিয়ে খেলবেন না! অ্যাকশন হলে রিঅ্যাকশনও হবে!” এসআইআর-এ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এ রাজ্যে এই প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত সিইও মনোজ আগরওয়ালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী।