সোনা নয়, এবার রেলের ক্যাটারিং কর্মীদের কাছে কমলা ট্যাগ! রেলের নতুন সিদ্ধান্ত কেন এত গুরুত্বপূর্ণ?

রেলযাত্রীদের জন্য দারুণ খবর! আসানসোল রেল বিভাগ এবার রেলের ক্যাটারিং কর্মীদের জন্য বিশেষ কমলা ট্যাগযুক্ত কিউআর কোড (QR Code) আইডি কার্ড চালু করেছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো স্টেশনে এবং ট্রেনে অবৈধভাবে খাবার বিক্রি বন্ধ করা এবং যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিত করা।
প্রতিটি কমলা ট্যাগযুক্ত আইডি কার্ডে একটি অনন্য কিউআর কোড রয়েছে। এই কোড স্ক্যান করলে বিক্রেতার সমস্ত তথ্য যেমন:
বিক্রেতার নাম
লাইসেন্সধারীর নাম
আধার নম্বর
পুলিশ যাচাইকরণের অবস্থা
স্বাস্থ্য পরীক্ষা (মেডিক্যাল ফিটনেস) সার্টিফিকেট
সবকিছু সঙ্গে সঙ্গে যাচাই করা যাবে। শুধুমাত্র যারা পুলিশি যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারাই এই কার্ড পাবেন। ডিউটির সময় এই কার্ড স্পষ্টভাবে দৃশ্যমান রাখতে হবে।
রেল কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিচ্ছে, শুধুমাত্র কমলা ট্যাগযুক্ত এই অফিসিয়াল কিউআর কোড আইডি কার্ডধারী বিক্রেতাদের কাছ থেকেই খাবার ও অন্যান্য জিনিসপত্র কেনা উচিত। কোনো অননুমোদিত বিক্রেতাকে দেখলে দ্রুত রেল কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।
আসানসোল রেল বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের ফলে ক্যাটারিং পরিষেবার মান বাড়বে এবং যাত্রীদের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত হবে।
যাত্রীরা অনলাইনেও খাবার অর্ডার করতে পারেন। এর জন্য +91-8750001323 নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া, টিকিট কাটার পর যাত্রীরা হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাবেন, যেখান থেকে সরাসরি পছন্দের রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করা সম্ভব। আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই, সরাসরি আইআরসিটিসি-র ই-ক্যাটারিং ওয়েবসাইট থেকেও এই পরিষেবা পাওয়া যাবে।