ইতিহাস গড়লেন সি পি রাধাকৃষ্ণন! উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন নতুন তারকা, উপস্থিত ধনখড়

ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। শুক্রবার সকালে রাষ্ট্রপতি ভবনে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সি পি রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে শপথবাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ মন্ত্রিসভার অনেক সদস্য উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তার স্ত্রীসহ উপস্থিত ছিলেন, যা সবার নজর কেড়েছে। শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করার পর এই প্রথমবার তাকে কোনো অনুষ্ঠানে জনসমক্ষে দেখা গেল। ধনখড় তার পদত্যাগের প্রায় দেড় মাস পর নতুন উপরাষ্ট্রপতি পেল দেশ।
মঙ্গলবার অনুষ্ঠিত উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণন বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি ৪৫২টি ভোট পেয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী, অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করেন, যিনি পেয়েছিলেন ৩০০টি ভোট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সি পি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তাঁর জীবন সর্বদা সমাজের সেবা এবং দরিদ্র ও প্রান্তিকদের ক্ষমতায়নের জন্য উৎসর্গীকৃত। আমি আত্মবিশ্বাসী যে তিনি একজন অসাধারণ উপরাষ্ট্রপতি হবেন, যিনি আমাদের সংবিধানিক মূল্যবোধকে শক্তিশালী করবেন।”
জগদীপ ধনখড়ও সি পি রাধাকৃষ্ণনকে চিঠি দিয়ে অভিনন্দন জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে তার আমলে এই পদ আরও বেশি শ্রদ্ধা ও গৌরব অর্জন করবে।