সাবধান ৩ রাশি! আজ ফাল্গুনী পূর্ণিমায় বিরল চন্দ্রগ্রহণ, সূতক কাল থেকে রাশিফলে বড় বদল

আজ ৩ মার্চ, বসন্তোৎসবের রঙে যখন গোটা দেশ রঙিন, ঠিক তখনই আকাশের বুকে ঘটতে চলেছে বছরের প্রথম মহাজাগতিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ফাল্গুনী শুক্লপক্ষের এই বিশেষ দিনে প্রায় ৩ ঘণ্টা ২৭ মিনিট ধরে চলবে এই গ্রহণ। জ্যোতিষী পণ্ডিত প্রবীণ মিশ্রের তথ্য অনুযায়ী, আজ বিকেল ৩টে ২০ মিনিটে গ্রহণ শুরু হবে, যার মধ্যবর্তী সময় বিকেল ৫টা ৪ মিনিট এবং সমাপ্তি ঘটবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।
ভারতে এই গ্রহণ কি দেখা যাবে? হিসেব বলছে, আজ ভারতে চন্দ্রোদয় হবে বিকেল ৫টা ৫৯ মিনিটে। ফলে গ্রহণের শুরুর অংশ দেখা না গেলেও, ৫টা ৫৯ মিনিটের পর থেকে গ্রহণের শেষ অংশটুকু পূর্ব ভারত থেকে স্পষ্টভাবে চাক্ষুষ করা যাবে। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই দৃশ্য দেখা যাবে। উল্লেখ্য, ভারতে গ্রহণ দৃশ্যমান হওয়ায় আজ সকাল ৬টা ২০ মিনিট থেকেই ‘সূতক কাল’ শুরু হয়ে গিয়েছে, যা ধর্মীয় মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জ্যোতিষশাস্ত্র মতে, এই গ্রহণ সিংহ রাশি ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ঘটছে। চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, তাই এই সময় মানসিক উদ্বেগ বাড়তে পারে। বিশেষ করে কর্কট, সিংহ ও কুম্ভ রাশির জাতকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। উৎসবের আনন্দের মাঝেই এই মহাজাগতিক ও জ্যোতিষীয় যোগ নিয়ে এখন দেশজুড়ে তুঙ্গে চর্চা।