আগামী ২৯শে এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার মোটর বাইক চলাচলের ওপর একগুচ্ছ কড়া বিধি-নিষেধ জারি করল নির্বাচন কমিশন। প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও জারি থাকছে ‘সাইলেন্ট পিরিয়ড’-এর বিশেষ নিয়ম।
কী কী নিয়ম মানতে হবে?
রাতের বিধিনিষেধ: সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই মোটর বাইক ব্যবহার করা যাবে না।
দিনের নিয়ম: সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও, চালকের পেছনে কাউকে (Pillion Rider) বসানো যাবে না। অর্থাৎ, একা যাতায়াত করতে হবে।
কলকাতায় কবে থেকে কড়াকড়ি?
কলকাতার ক্ষেত্রে আগামী ২৭শে এপ্রিল সকাল ৬টা থেকে এই নির্দেশ কার্যকর হবে। নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে বলে জানিয়েছে কমিশন।
কারা পাবেন ছাড়?
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার্থে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে:
অফিসযাত্রী: পরিচয়পত্র (I-Card) দেখালে অফিসযাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
অ্যাপ ভিত্তিক পরিষেবা: জোম্যাটো, সুইগি বা উবের মোটো-র মতো পরিষেবায় কোনো বাধা নেই।
জরুরি কাজ: সামাজিক অনুষ্ঠান বা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে বাইক চালানো যাবে। তবে আইনি ঝামেলা এড়াতে প্রয়োজনে স্থানীয় থানার লিখিত অনুমতি নিয়ে রাখা ভালো।
ভোটের দিন: ২৯ তারিখ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেবল ভোট দিতে যাওয়ার জন্য বা জরুরি প্রয়োজনে বাইক ব্যবহার করা যাবে।





