সরকারি কর্মীদের ডিএ থেকে আয়ুষ্মান ভারত— একগুচ্ছ বড় চমক দিচ্ছেন শুভেন্দু অধিকারী?

৪ মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর থেকেই বাংলায় বইছে পরিবর্তনের হাওয়া। ৯ মে শপথ গ্রহণের পর আজ, ১১ মে নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে বসতে চলেছেন বাংলার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল ১১টা নাগাদ এই বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের আগেই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়ে নিজের আগামীর পথ স্পষ্ট করে দিলেন তিনি।

পাচার রুখতে কড়া দাওয়াই
দায়িত্ব নিয়েই বাংলার দীর্ঘদিনের মাথাব্যথার কারণ ‘গরু পাচার’ বন্ধে আপসহীন মনোভাব দেখালেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের আগেই রাজ্যের সমস্ত এসপি (SP) এবং সিপি-দের (CP) অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নতুন সরকার। শুধু তাই নয়, যে সমস্ত গরুর হাটের বৈধ লাইসেন্স নেই, সেগুলি অবিলম্বে বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

নজরে ৩০০০ টাকার ভাতা ও সপ্তম বেতন কমিশন
আজকের বৈঠকে সবচেয়ে বেশি নজর থাকবে বিজেপির নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর ওপর। বিশেষ করে মহিলা ও যুবদের জন্য মাসে ৩০০০ টাকা ভাতা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কার্যকর করার রূপরেখা আজই তৈরি হতে পারে। পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম বেতন কমিশন কার্যকর করা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ বাংলায় চালু করার বিষয়েও বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

পুরানো প্রকল্প নিয়ে কী ভাবছে নতুন সরকার?
ক্ষমতা পরিবর্তনের পর থেকেই সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে— লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী বা মা ক্যান্টিনের মতো প্রকল্পগুলো কি বন্ধ হয়ে যাবে? বিরোধীদের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযোগ তোলা হয়েছে যে অনেক জায়গায় এই প্রকল্পের সুবিধা মিলছে না। তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এখনই পূর্বতন সরকারের কোনও জনপ্রিয় প্রকল্প বন্ধ করার পথে হাঁটছে না শুভেন্দু সরকার। বরং আজ মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়গুলি নিয়ে জনমানসের বিভ্রান্তি কাটাতে স্পষ্ট কোনো ঘোষণা আসতে পারে।

প্রশাসনের পাশাপাশি নজর সংগঠনেও
আজ কেবল প্রশাসনিক বৈঠকই নয়, রয়েছে দলীয় কর্মসূচিও। নবান্নের বৈঠকের পর রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে একটি সাংগঠনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী নিজে সেই বৈঠকে উপস্থিত থেকে আগামী দিনে রাজ্যে সংগঠনের বিস্তার এবং বুথ স্তর পর্যন্ত দলকে মজবুত করার রণকৌশল নির্ধারণ করবেন।

সব মিলিয়ে, আজ বাংলার রাজনীতির জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নবান্ন থেকে সাধারণ মানুষের পকেটে কতটা স্বস্তি পৌঁছায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা রাজ্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy