“সব ধরনের পপকর্ন কি সস্তা?”- GST নিয়ে ‘পপকর্ন পাজল’-এর সমাধান করলেন অর্থমন্ত্রী

জিএসটি (GST) কাউন্সিলের সাম্প্রতিক সংস্কারের পর পপকর্নের দাম নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, অবশেষে তার সমাধান হলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নিশ্চিত করেছেন যে, এখন থেকে সব ধরনের পপকর্নে একই হারে জিএসটি ধার্য হবে, যার পরিমাণ মাত্র ৫ শতাংশ। এর আগে বিভিন্ন ধরনের পপকর্নে ভিন্ন ভিন্ন হারে কর বসানো হতো, যা গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছিল।
জিএসটির পুরনো কাঠামো অনুযায়ী, সল্টেড পপকর্ন খুচরো বিক্রি হলে ৫ শতাংশ এবং প্যাকেটজাত হলে ১২ শতাংশ জিএসটি বসত। অন্যদিকে, ক্যারামেল পপকর্নের ওপর করের হার ছিল ১৮ শতাংশ। এই বৈষম্যের কারণে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সমস্যায় পড়তেন।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে, নতুন কাঠামোতেও ক্যারামেল পপকর্নের জিএসটি ১৮ শতাংশই থাকবে। কিন্তু শুক্রবার ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নির্মলা সীতারমন এই ভুল ধারণা ভেঙে দেন। তিনি বলেন, “সল্ট এবং সুগার সমৃদ্ধ খাবারে একই হারে জিএসটি ধার্য হবে।” তিনি আরও জানান যে, শুধুমাত্র অতিরিক্ত চিনিযুক্ত কিছু নির্দিষ্ট পানীয়ের ওপর ৪০ শতাংশ জিএসটি বসানো হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, সাধারণ মানুষের সুবিধার কথা ভেবেই জিএসটি স্ল্যাবে এই পরিবর্তন আনা হয়েছে। তিনি সমস্ত ইন্ডাস্ট্রিকে অনুরোধ করেছেন যাতে এই কর কমানোর সুবিধা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়। পপকর্নের দাম কমায় সিনেমা হল এবং অন্যান্য বিনোদন কেন্দ্রে দর্শকদের খরচ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।