ট্রাম্পের নৈশভোজে সিলিকন ভ্যালি, নেই শুধু ইলন মাস্ক, টেসলা-কর্তার অনুপস্থিতি নিয়ে জল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলোর প্রধানদের জন্য হোয়াইট হাউসে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন। এই বিশেষ রাতের অতিথি তালিকায় ছিলেন মাইক্রোসফটের বিল গেটস ও সত্য নাদেলা, অ্যাপলের টিম কুক, গুগলের সুন্দর পিচাই এবং ফেসবুকের মার্ক জুকারবার্গের মতো এআই এবং টেক জায়ান্টরা। তবে, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন এক সময়ের ট্রাম্প-ঘনিষ্ঠ এবং টেসলা-প্রধান ইলন মাস্ক।
মাস্ক কেন অনুপস্থিত?
ইলন মাস্কের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছে। একসময় ট্রাম্প প্রশাসনে সরকারি দক্ষতা বিষয়ক দফতরের প্রধান হিসেবে কাজ করতেন মাস্ক। তখন তিনি প্রেসিডেন্টের বিশেষ পরামর্শদাতা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কিন্তু ট্রাম্পের একটি ‘বড় ও সুন্দর’ বিলের প্রকাশ্যে সমালোচনা করার পর তাঁদের সম্পর্কে ফাটল ধরে। সেই থেকেই দু’জনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।
প্রতিদ্বন্দ্বী অল্টম্যান উপস্থিত
মাস্ক না থাকলেও, তার এআই প্রতিদ্বন্দ্বী সংস্থা ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান কিন্তু এই নৈশভোজে উপস্থিত ছিলেন। ডিনার টেবিলে ট্রাম্পের পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মেটার সিইও মার্ক জুকারবার্গ।
এই নৈশভোজে ট্রাম্প উপস্থিত প্রযুক্তি কর্তাদের প্রশংসা করে বলেন, “এই দলের সঙ্গে থাকতে পারাটা সম্মানের। এরা ব্যবসা, প্রতিভা এবং বুদ্ধিমত্তা-সহ যে কোনো কাজে বিপ্লব ঘটাচ্ছেন।”
ভারতীয় সিইওদের বার্তা
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই এবং মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। দু’জনেই এআই-এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। সুন্দর পিচাই বলেন, “এআই আমাদের জীবদ্দশায় দেখা সবচেয়ে রূপান্তরকারী মুহূর্তগুলির মধ্যে একটি।” তিনি ট্রাম্প প্রশাসনের এআই অ্যাকশন প্ল্যানের প্রশংসা করেন এবং বলেন, “আপনার নেতৃত্বের জন্য ধন্যবাদ, আপনি দুর্দান্ত কাজ করছেন।”
অন্যদিকে, সত্য নাদেলাও মাইক্রোসফটের সাফল্যের জন্য ট্রাম্পের অর্থনৈতিক নীতির প্রশংসা করেন। এই নৈশভোজের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন আবারও প্রযুক্তি শিল্পের সঙ্গে তাদের সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইল, যদিও সেখানে ইলন মাস্কের অনুপস্থিতি ছিল লক্ষণীয়।