ভারতকে অস্থির করার ছক: এক নিমেষে ২৩ সন্ত্রাসীকে তালিকাভুক্ত করল কেন্দ্র, তালিকায় সাঈদের ঘনিষ্ঠরা!

সন্ত্রাসবাদ নির্মূলে আরও কঠোর কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ-র চতুর্থ তফসিলে আনুষ্ঠানিকভাবে ২৩ জন কুখ্যাত সন্ত্রাসীকে তালিকাভুক্ত করল স্বরাষ্ট্র মন্ত্রক। এই পদক্ষেপের ফলে সরকারিভাবে ঘোষিত সন্ত্রাসীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০ জনে।

স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা গেজেট বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, এই ২৩ জন ভারত-বিরোধী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত। এদের মধ্যে ১১ জন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা এবং ১২ জন বর্তমানে পাকিস্তান বা পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) আশ্রয় নিয়ে ভারতে অনুপ্রবেশ, অস্ত্র সরবরাহ এবং যুবকদের মগজ ধোলাইয়ের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তালিকায় থাকা উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের ঘনিষ্ঠ আব্দুল রউফ, হাফিজ খালিদ ওয়ালিদ এবং রানা ইফতিখারের মতো কুখ্যাত জঙ্গিরা। এছাড়া নাগরোটা এবং সুঞ্জওয়ান সেনা ক্যাম্পে হামলার মূল পরিকল্পনাকারীদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। হাফিজ সাঈদের ছেলে হাফিজ তালহা সাঈদের নামও রয়েছে এই তালিকায়।

সরকারের এই কড়া বার্তার ফলে জাতীয় তদন্তকারী সংস্থাগুলি এখন এদের নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং সহযোগীদের বিরুদ্ধে আরও আগ্রাসী তদন্ত চালাতে পারবে। আন্তর্জাতিক মহলেও এই জঙ্গিদের বিরুদ্ধে চাপ তৈরির ক্ষেত্রে এটি ভারতের জন্য এক বড় কূটনৈতিক বিজয়।