ভাড়াটিয়া সেজে ফ্ল্যাট দখল, তারপর ১৮ কোটির ব্যাংক লোন! দিল্লির চাঞ্চল্যকর প্রতারণার পর্দাফাঁস

দিল্লির বিবেক বিহার এলাকায় এক বিধবা মহিলার ফ্ল্যাট ভাড়া নিয়ে ১৮ কোটি টাকার ব্যাংক ঋণের জালিয়াতির এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। ভুক্তভোগী গৃহকর্ত্রী ঊষা রানী শেঠির ফ্ল্যাট ভাড়া নিয়েছিল দুই ভাড়াটিয়া—সচিন ও সঞ্জয়। অভিযোগ, ভাড়াটিয়া হিসেবে থাকার সুযোগে তারা মহিলার আসল নথিপত্র হাতিয়ে নেয় এবং ওড়িশার এক মহিলার নামে ভুয়া প্যান কার্ড তৈরি করে। এরপর এক অপরিচিত নারীকে গৃহকর্ত্রী সাজিয়ে সাব-রেজিস্ট্রার অফিসে নিয়ে গিয়ে জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাটের মালিকানা নিজেদের নামে হস্তান্তর করিয়ে নেয় তারা।

মালিকানা পাওয়ার পরপরই প্রতারক চক্রটি ‘জগদম্বা মেটালস’ নামক নিজেদের ভুয়া কোম্পানির নামে ব্যাংক থেকে ১৮ কোটি টাকার বিশাল ঋণ তুলে নেয়। সেই টাকা ১১টি শেল কোম্পানির মাধ্যমে সরিয়ে ফেলা হয়। দীর্ঘ ১০ বছর ধরে পুলিশের চোখে ধুলো দেওয়া এই প্রতারক চক্রের অন্যতম হোতা সঞ্জীব দীক্ষিতকে অবশেষে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) তিহাড় জেল থেকে গ্রেপ্তার করেছে। সঞ্জীবের বিরুদ্ধে সিবিআইয়ের মামলাসহ অন্তত ১০টি গুরুতর অভিযোগ রয়েছে। তবে মূল ষড়যন্ত্রকারী সচিন এখনও পলাতক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখুঁত পরিকল্পনার এই জালিয়াতি ব্যাংক ব্যবস্থার দুর্বলতাকে আবারও প্রকাশ্যে এনেছে। বর্তমানে অপরাধীকে জেরা করে টাকা উদ্ধারের চেষ্টা চলছে।