শিশুগাছ কেটে বিক্রি, কামাখ্যাগুড়িতে কাঠগড়ায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, তদন্তে বন দফতর

সরকারি জমিতে থাকা বহুমূল্য শিশুগাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খবর পেয়ে বক্সা টাইগার রিজার্ভের বন দফতর অভিযান চালিয়ে কাঠ বাজেয়াপ্ত করেছে।

অভিযোগ, তৃণমূল পরিচালিত কামাখ্যাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন একটি সরকারি খাস জমিতে কয়েক বছরের পুরোনো একটি বড় শিশুগাছ কেটে ১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়। অবৈধভাবে এই গাছ কাটা হয়েছে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব।

আজ সকালে মধ্য কামাখ্যাগুড়ি এলাকার ওই খাস জমি থেকে গাছটি কেটে দ্রুত পাশের একটি কাঠ মিলে নিয়ে যাওয়া হয়। পরে কাঠগুলো বাঁশঝোপে লুকিয়ে রাখা হয়। খবর পেয়ে বিজেপি নেতারা ঘটনাস্থলে পৌঁছলে বন দফতরও সেখানে আসে এবং কাঠগুলো বাজেয়াপ্ত করে।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সরকারি গাছ অবৈধভাবে বিক্রি করেছে। অন্যদিকে, পঞ্চায়েতের উপপ্রধান এই অভিযোগ অস্বীকার করে বলেন, “গাছটি অনেক পুরোনো ছিল। গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েই মানুষের সুবিধার জন্য গাছটি কাটা হয়েছে।” তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে প্রশ্ন উঠেছে। বন দফতর বিষয়টি খতিয়ে দেখছে।