অল্পের জন্য রক্ষা পেলেন সোমা ঠাকুর! বনগাঁয় বিজেপি প্রার্থীর কনভয়ে রহস্যময় বাইক দুর্ঘটনা, তুঙ্গে রাজনৈতিক তরজা

ভোটের উত্তাপে তপ্ত উত্তর ২৪ পরগনার বাগদা। এবার বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের গাড়ি লক্ষ্য করে সজোরে ধাক্কা মারল একটি বাইক। ঘটনার সময় প্রার্থী বনগাঁ থানা এলাকার আরামডাঙ্গা কালীমন্দিরে পুজো দিচ্ছিলেন। আচমকা রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ির পিছনে এসে ধাক্কা মারে বাইকটি, যার ফলে গাড়ির পিছনের কাচ পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়।
আহত বাইক আরোহীর গায়ে তৃণমূলের লোগো দেওয়া গেঞ্জি থাকায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের দাবি, “এটি একটি পরিকল্পিত হামলা। তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। চালক অল্পের জন্য রক্ষা পেলেও আমি চরম আতঙ্কিত।” অন্যদিকে, অভিযুক্ত বাইক আরোহী জানিয়েছেন তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এবং ইটভাটার শ্রমিক। তাঁর দাবি, এটি একটি নিছক দুর্ঘটনা এবং সব বিষয়েই রাজনৈতিক রং চড়ানো হচ্ছে।
২০২১ সালে এই কেন্দ্রে বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে জিতলেও পরে তৃণমূলে ফেরায় এলাকার সমীকরণ বদলেছে। সাম্প্রতিক উপনির্বাচনের ফলাফল তৃণমূলের অনুকূলে থাকায় বিজেপি এখানে নিজেদের অস্তিত্ব রক্ষায় মরিয়া। বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইকটি উদ্ধার করেছে এবং আরোহীকে আটক করে তদন্ত শুরু করেছে।