শিম্পাঞ্জিদেরও কি নেশা হয়? প্রতিদিন কেন তারা পাকা ফল খায়? বিজ্ঞানীদের গবেষণায় চাঞ্চল্য!

শিম্পাঞ্জিদের উপর চালানো একটি নতুন গবেষণা মানুষের মধ্যে অ্যালকোহলের প্রতি আসক্তির কারণ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘সায়েন্স অ্যাডভান্সেস জার্নাল’-এ প্রকাশিত গবেষণাপত্রে দাবি করেছেন, মানুষের মধ্যে অ্যালকোহলের প্রতি ভালোবাসা ও আসক্তির উৎস লুকিয়ে আছে তাদের পূর্বপুরুষদের মধ্যে।

গবেষণায় দেখা গেছে, শিম্পাঞ্জিরা প্রতিদিন প্রচুর পরিমাণে অতি পাকা ফল খায়। এই ফলগুলোতে ইথানলের মাত্রা বেশি থাকে, যা তাদের শরীরে অ্যালকোহলের পরিমাণ বাড়িয়ে দেয়। এই মাত্রা একজন মানুষ দুই পেগ অ্যালকোহল পান করলে যা হয়, তার প্রায় সমপরিমাণ। এই দৈনিক অভ্যাস থেকে বিজ্ঞানীরা মনে করছেন, মানুষেরও অ্যালকোহলের প্রতি আকর্ষণ বহু প্রাচীন এবং এটি সম্ভবত তাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি প্রবণতা।

শিম্পাঞ্জিরা তাদের দৈনন্দিন খাবারের প্রায় ৭৫ শতাংশ চাহিদা পূরণ করে সাড়ে ৪ কেজি ফল খেয়ে। এর মধ্যে একটা বড় অংশ থাকে অতি পাকা ফল, যা তাদের অ্যালকোহলের চাহিদা পূরণ করে। এই গবেষণা ইঙ্গিত দেয় যে, মানুষের পূর্বপুরুষদের মধ্যে এ ধরনের খাদ্যাভ্যাস থেকেই ধীরে ধীরে অ্যালকোহলের প্রতি আসক্তি তৈরি হয়েছিল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে।