মোদি-শাহের পাল্টা অস্ত্র তেজস্বীর হাতে! বিহারে কোন নতুন রাজনীতি নিয়ে মাঠে নামলেন লালু-পুত্র?

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ময়দানে নেমেছে শাসক ও বিরোধী উভয় দলই। একদিকে নরেন্দ্র মোদি ও অমিত শাহের মতো বিজেপি নেতারা রাজ্যে ঘন ঘন জনসভা করছেন এবং অনুপ্রবেশ ও ভুয়ো ভোটার ইস্যুকে সামনে আনছেন, অন্যদিকে প্রধান বিরোধী দল আরজেডি এবার সম্পূর্ণ ভিন্ন কৌশল নিয়েছে। আরজেডি নেতা ও ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী যাদব ঘোষণা করেছেন, এবারের নির্বাচনে তিনি জাতপাত বা ধর্মের পরিবর্তে ‘নতুন রাজনীতি’-র উপর ভিত্তি করে লড়াই করবেন।

কী এই ‘নতুন রাজনীতি’?
শুক্রবার তেজস্বী যাদব তার ‘বিহার অধিকার যাত্রা’-র ছবি ও ভিডিও শেয়ার করে বলেন, তার রাজনীতির মূল লক্ষ্য হলো বিহারের উন্নয়ন, সমৃদ্ধি এবং শিল্পায়ন। তিনি বলেন, “আমি এখানে নতুন ধরনের রাজনীতি করতে এসেছি। বিহারের মাথাপিছু আয় বৃদ্ধি, উন্নয়ন এবং রাজ্যের সামগ্রিক সমৃদ্ধিই আমার রাজনীতির মূল উদ্দেশ্য।”

লালু-পুত্র দীর্ঘদিন ধরেই বিহারের বেকারত্ব, দুর্নীতি, আর্থিক তছরুপ এবং অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন। রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’-য় যেসব জেলায় পৌঁছানো সম্ভব হয়নি, তেজস্বী সেইসব এলাকার মানুষের কাছে পৌঁছতে এই যাত্রা শুরু করেছেন।

এর আগে তেজস্বী বলেছিলেন, বিহারের বর্তমান সরকারের ওপর মানুষ ক্ষুব্ধ এবং হাজার হাজার মানুষ তার মিছিলে যোগ দিচ্ছেন। তিনি আরও অভিযোগ করেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহের বিহারের মূল সমস্যাগুলো সমাধানের কোনো অভিপ্রায় নেই। এখন দেখার, জেডিইউ-এর নেতৃত্বাধীন এনডিএ জোটকে ক্ষমতাচ্যুত করতে তেজস্বীর এই ‘নতুন রাজনীতি’ কতটা কার্যকর হয়।