পরীক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠলেন হাজার হাজার শিক্ষার্থী! মহারাষ্ট্রে তুঙ্গে বিক্ষোভ

পরীক্ষা ব্যবস্থার অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন মহারাষ্ট্রের লাতুরের হাজার হাজার শিক্ষার্থী। মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন (MPSC) পরীক্ষার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখার দাবিতে রাজপথে নেমে বিশাল বিক্ষোভ প্রদর্শন করেছেন চাকরিপ্রার্থীরা। অবিলম্বে সংশ্লিষ্ট কমিশনের কমিশনারের পদত্যাগের দাবি তুলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

বছরের পর বছর ধরে কষ্ট করে পড়াশোনা ও কোচিংয়ের পেছনে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরও বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁক ও বিভিন্ন জালিয়াতির ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন তরুণ প্রজন্ম। NEET থেকে শুরু করে MPSC—প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই এই অনিয়ম যুবসমাজের আত্মবিশ্বাসে সরাসরি আঘাত হানছে বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করা এবং অবিলম্বে এই ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতির সংস্কার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।