‘শিক্ষিত যুবক বিস্ফোরক বাঁধলে বুঝতে হবে…?’—মুফতির মন্তব্যে কেন ফুঁসছে গেরুয়া শিবির?

দিল্লির লালকেল্লার সামনে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা এখন চরমে। এই হামলার কারণ হিসেবে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরায় কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে তীব্র নিশানা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মুফতি জঙ্গিদের সমর্থন করছেন বলে সরাসরি অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।
বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (X) মুফতিকে আক্রমণ করে লিখেছেন, “জঙ্গি বুরহান ওয়ানিকে সমর্থন করেছিলেন মেহবুবা মুফতি। এখন লালকেল্লার হামলায় জড়িত জঙ্গিদের আড়াল করছেন। হিন্দু-মুসলিম এবং ঘৃণাকে উনি জঙ্গি হামলার জন্য দায়ী করছেন। পিডিপি আসলে জঙ্গি তৈরির দল।”
দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পরেই মার্কিন দূতাবাসও নিরাপত্তা সতর্কতা জারি করেছে।
নভেম্বরে দিল্লির বিস্ফোরণ নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তোলেন মেহবুবা মুফতি। তাঁর দাবি, কেন্দ্র সরকার জম্মু-কাশ্মীরে যে নীতি অনুসরণ করেছে, তা উপত্যকায় শান্তি আনতে পারেনি, এমনকি রাজধানীতেও সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
মুফতির অভিযোগ ছিল:
কাশ্মীর ইস্যু: “আপনারা গোটা বিশ্বকে জানিয়েছেন কাশ্মীরে সব ঠিক আছে। কিন্তু কাশ্মীরে যা সমস্যা হচ্ছে, সেটা লালকেল্লার সামনে উঠে এসেছে।”
নীতি ব্যর্থতা: “জম্মু-কাশ্মীরকে নিরাপদ রাখবেন বলে কথা দিয়েছিলেন আপনারা, কিন্তু তা রাখা হয়নি। আপনাদের নীতি দিল্লিকে অসুরক্ষিত করে তুলেছে।”
দিল্লির ঘটনায় গাড়িবোমা ব্যবহার করা হয়েছে এবং অভিযুক্ত চিকিৎসক-জঙ্গি কাশ্মীরের বাসিন্দা বলে উঠে আসার পরই মুফতি এই মন্তব্য করেন। তাঁর মতে, এই ঘটনা গভীর সমস্যার বিষয়টি সামনে এনেছে।
‘সুরক্ষা নেই, দেশের ভবিষ্যৎ কোন দিকে?’
মুফতির দাবি, “যদি কোনও শিক্ষিত যুবক, একজন চিকিৎসক বিস্ফোরক বেঁধে নিজেকে এবং বাকিদের মেরে ফেলতে পারে, তাহলে বুঝতে হবে দেশের কোনও সুরক্ষা নেই। আপনারা হিন্দু-মুসলিম রাজনীতি করে ভোট পেতে পারেন, কিন্তু কোন দিকে যাচ্ছে দেশের ভবিষ্যৎ?”
২০১৯ সালের পুলওয়ামা বিস্ফোরণের পর থেকেই পিডিপি নেত্রী কাশ্মীর নিয়ে কেন্দ্রের নীতির কড়া সমালোচক। তাঁর অভিযোগ, কাশ্মীরকে নিরাপদ করার কথা বলে একের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার ও মামলা দায়ের করে উপত্যকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে।
তবে একই সঙ্গে জঙ্গিদের উদ্দেশেও একটি বার্তা দিয়েছেন পিডিপি নেত্রী। তাঁর বার্তা, “আমি ওই তরুণদের বলতে চাই, ওরা যেটা করছে সেটা ভুল। নিজেদের জন্য ভুল করছে, পরিবারের জন্য, জম্মু-কাশ্মীরের জন্য এবং গোটা দেশের জন্য ভুল করছে।”