শহরের জঞ্জাল পরিষ্কারে ‘জিরো টলারেন্স’, শিলিগুড়ির রাস্তায় পুর কমিশনার ও প্রশাসক, নাগরিকদের স্বস্তির বার্তা

শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিকাশি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযানে নামল শিলিগুড়ি পুরনিগম। এদিন সকালে শহরের বিভিন্ন ওয়ার্ডে ঝটিকা পরিদর্শনে বের হন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক আইএএস আর বিমলা এবং পুর কমিশনার। বর্ষাকালের কথা মাথায় রেখে শহরের নিকাশি নালা এবং আবর্জনা অপসারণের কাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।

পরিদর্শনের সময় প্রশাসক সরাসরি স্থানীয় সাফাইকর্মীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বর্তমান পরিস্থিতির বিস্তারিত রিপোর্ট নেন। শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখার সময় যেখানে আবর্জনা জমে থাকতে দেখা গিয়েছে, সেখানে দ্রুত তা পরিষ্কার করার কড়া নির্দেশ দিয়েছেন প্রশাসক। বর্ষাকালে যাতে শহরের কোথাও জল জমতে না পারে, সেজন্য নিকাশি নালাগুলি নিয়মিত পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের ওপর তিনি বিশেষ জোর দিয়েছেন।

অভিযান শেষে আর বিমলা সাংবাদিকদের জানান, নাগরিকদের আরও উন্নত পরিষেবা দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে পুরনিগমের কর্মীদের আরও দায়বদ্ধ এবং সক্রিয়ভাবে কাজ করতে হবে।” দায়িত্ব গ্রহণের পর থেকেই আর বিমলা শহরের জলজট সমস্যা এবং নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

পুর প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শহরের সাফাই ও নিকাশি ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্যে এখন থেকে নিয়মিত নজরদারি চালানো হবে। শুধুমাত্র পুরনিগমের প্রচেষ্টা নয়, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সাধারণ নাগরিকদেরও সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুর প্রশাসক। আজকের এই পরিদর্শন শহরের নাগরিক পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty