লালকেল্লা বিস্ফোরণ: অনলাইন ভিডিও বানিয়ে ‘বীরত্ব’ শেখাত আত্মঘাতী জঙ্গি উমর, NIA-র হাতে ১২টি ক্লিপ

দিল্লি লাল কেল্লা বিস্ফোরণের (Delhi Red Fort Blast) তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA) একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে। জানা গেছে, আত্মঘাতী হামলাকারী জঙ্গি-চিকিৎসক উমর উন-নবি গত কয়েকমাস ধরে নিয়মিত অনলাইনে ভিডিও বানিয়ে তরুণদের জঙ্গি কার্যকলাপের প্রতি প্রভাবিত করার চেষ্টা করছিল।
১২টি ভিডিওতে ‘ব্রেনওয়াশ’:
এনআইএ সূত্রে খবর, উমর উন-নবির উদ্ধার হওয়া ভিডিওগুলিতে উগ্রপন্থী মতবাদ এবং আত্মঘাতী হামলাকে ‘বীরত্ব’ হিসেবে দেখানো হত। একাধিক ভিডিওতে ভারত-বিরোধী মন্তব্য করা হয়েছে। সে আফগান মুজাহিদিন বা তালিবানের উদাহরণ টেনে বোঝানোর চেষ্টা করত যে সাধারণ মানুষও নাকি ‘বিশ্বশক্তি’-কে হারাতে পারে। তদন্তকারীরা এই ধরনের ১২টি ভিডিও উদ্ধার করেছেন। যার মধ্যে একটিতে উমরকে বলতে শোনা গেছে, “যদি আল্লাহর উপর তোমার ভরসা থাকে, তাহলে ভারতকেও হারানো সম্ভব।”
উমর শুধু ভিডিও বানাত না, বরং হরিয়ানার আল-ফালাহ ইউনিভার্সিটিতে (Al Falah University) তাঁর সঙ্গে যুক্ত ‘হোয়াইট কলার’ জঙ্গি মডিউলের অন্যান্য সদস্যদের কাছে এগুলো নিয়মিত পাঠাত। এই ভিডিওগুলি শেয়ার করার জন্য তাদের একাধিক গ্রুপ ছিল, যেখানে সে আত্মঘাতী হামলা নিয়ে অনলাইন সেশনও নিত বলে সন্দেহ করা হচ্ছে।
হানজুল্লা ও জইশের যোগ:
তদন্তে আরও জানা গেছে, পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (JeM) এক হ্যান্ডলার, যার ছদ্মনাম ‘হানজুল্লা’, সে বিস্ফোরক বানানোর ভিডিও পাঠিয়েছিল ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিলকে। গত অক্টোবরে কাশ্মীরের নওগাঁও এলাকায় যেসব জইশের পোস্টার পাওয়া গিয়েছিল, তাতেও লেখা ছিল- ‘কম্যান্ডার হানজুল্লা ভাই’। এনআইএ এখন এই ‘হানজুল্লা’-র আসল পরিচয়, অবস্থান এবং সে কোন মাধ্যমে ভারতে থাকা অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রাখত, তা খুঁজে বের করার চেষ্টা করছে।
উমর একই ধরনের ভিডিও শেয়ার করতেন ধৃত জাসির বিলাল ওরফে দানিশের সঙ্গেও। উদ্ধার হওয়া চ্যাট থেকে জানা গেছে, জাসির প্রথমে এই হামলায় অংশ নিতে দ্বিধাবোধ করলেও উমর তার ভিডিও দিয়ে তার ‘ব্রেনওয়াশ’ করতে সফল হয়।
পরিকল্পনার ‘ভুল’:
গত ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে একটি সাদা হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণ হয়, যেখানে আত্মঘাতী হামলা চালান উমর। এই ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়। তদন্তকারীদের ধারণা, চক্রের কয়েকজন গ্রেফতার হওয়ার পরই উমর ভয় পেয়ে আগেভাগে বিস্ফোরণ ঘটিয়ে ফেলেছিলেন। এনআইএ সূত্রে খবর, আগামী কয়েকমাসের মধ্যেই দেশজুড়ে হামলার পরিকল্পনা ছিল উমরদের। উমরের এই তড়িঘড়ি বিস্ফোরণ সেই বৃহত্তর চক্রান্ত ভেস্তে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।