“লাখ লাখ করদাতাদের জন্য বিরাট স্বস্তি!” কলকাতা ও হাওড়ায় সম্পূর্ণ মকুব সম্পত্তি করের জরিমানা

বকেয়া সম্পত্তি কর মেটানোর ক্ষেত্রে কলকাতা ও হাওড়ার বাসিন্দাদের জন্য এক বিরাট সুযোগ ঘোষণা করল প্রশাসন। হাওড়া পুরসভায় চালু হতে চলেছে বিশেষ ‘ওয়েভার স্কিম’। এই প্রকল্পের আওতায় নির্দিষ্ট সময় পর্যন্ত বকেয়া থাকা সম্পত্তি করের উপর জমে থাকা সমস্ত সুদ ও জরিমানা সম্পূর্ণ মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আবাসিক সম্পত্তির ক্ষেত্রে মূল করের উপর অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাওয়ারও সুযোগ থাকছে যোগ্য করদাতাদের জন্য।

মঙ্গলবার পুরসভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক পর্যন্ত বকেয়া থাকা সম্পত্তি করের ক্ষেত্রে এই সুদ ও জরিমানা মকুবের সুবিধা মিলবে। পুরসভা সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এই প্রকল্পের ফলে হাওড়া পুর এলাকার প্রায় লক্ষাধিক করদাতা সরাসরি উপকৃত হতে চলেছেন।

দীর্ঘদিন ধরে আটকে থাকা বকেয়া সম্পত্তি কর আদায় করার পাশাপাশি সাধারণ নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে এই সুবিধা পেতে পারেন, তার জন্য বাড়িতে বসেই অনলাইনে বকেয়া সম্পত্তি কর মিটিয়ে ফেলার ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইনে কর জমা দিতে কোনো সমস্যা হলে সরাসরি হাওড়া পুরসভায় গিয়েও বকেয়া কর মেটানোর সুযোগ রয়েছে। প্রশাসনিক মহলের বিশ্বাস, এই পদক্ষেপের ফলে একদিকে যেমন দীর্ঘদিনের বকেয়া কর আদায় সহজ হবে, তেমনই পুরসভার আর্থিক ভিত্তি শক্তিশালী হওয়ার পাশাপাশি নাগরিক পরিষেবার পরিকাঠামোও আরও উন্নত করা সম্ভব হবে।