“প্রাইম টাইমে আমার ব্লাউজ নিয়ে আলোচনা!” রাখিবন্ধন বিজ্ঞাপন বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য কৃতি স্যাননের

আগস্ট মাসে একটি বিখ্যাত গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অংশ নিয়ে চরম বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন (Kriti Sanon)। বিজ্ঞাপনে তাঁর পরা পোশাক বা ব্লাউজের ডিজাইন নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছিল তীব্র সমালোচনা, যার জেরে শেষ পর্যন্ত সংস্থাটি বিজ্ঞাপনটি তুলে নিতে বাধ্য হয়। সেই ঘটনার দীর্ঘ সময় পর এবার কারিনা কাপুরের জনপ্রিয় চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ এসে সেই বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন কৃতি।
সম্প্রতি কারিনা কাপুরের এই শো-এর নতুন ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে কৃতিকে সেই বিজ্ঞাপন বিতর্ক নিয়ে খোলামেলা আলোচনা করতে দেখা যায়। শো-এ নিজের অভিজ্ঞতা ভাগ করে কৃতি বলেন, “প্রাইম টাইম নিউজের একটি প্যানেলে যখন ছয়জন মানুষ বসে আমার ব্লাউজ নিয়ে আলোচনা শুরু করলেন, তখন আমি বিশ্বাসই করতে পারিনি যে এমনটা হতে পারে!” কৃতির এই মন্তব্যের প্রেক্ষিতে সহমর্মিতা প্রকাশ করে কারিনা কাপুরকে বলতে শোনা যায়, “আমি জানি।”
উল্লেখ্য, এর আগেও যখন বিজ্ঞাপনটি নিয়ে দেশজুড়ে শোরগোল পড়েছিল, তখন সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছিলেন কৃতি। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, একজন নারীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বা ভক্তি কখনই তাঁর পোশাকের মাপকাঠি দিয়ে মাপা যায় না। তাঁর কথায়, “উৎসবের প্রকৃত অর্থ আপনি কী পরছেন তার ওপর নির্ভর করে না, বরং সেই উৎসবকে ঘিরে আপনার হৃদয়ে যে আবেগ ও তাৎপর্য রয়েছে, তার মধ্যেই তা নিহিত। সংস্কৃতি ও ঐতিহ্য হৃদয়ে বাস করে, গলার কাছে নয়।”
কারিনার এই আসন্ন শো-এ কৃতি স্যানন ছাড়াও পঙ্কজ ত্রিপাঠি, মীরা রাজপুত, আলি ফজল, নীতু কাপুর ও নেহা কাক্করের মতো তারকারাও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শো-টির সম্পূর্ণ পর্ব সম্প্রচারিত হলে এই বিতর্ক নিয়ে অভিনেত্রী আরও কী কী তথ্য সামনে আনেন, এখন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা।