পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগ ‘অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১ জুন ২০২৬ থেকে কার্যকর হতে চলা এই প্রকল্পের মূল লক্ষ্য মহিলাদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করা। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
যোগ্যতার শর্তাবলী:
বয়স: আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
পরিধি: সরকারি চাকুরে, পেনশনভোগী বা আয়করদাতারা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
লক্ষ্মীর ভাণ্ডার: বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অটোমেটিক অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে, তবে মৃত বা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।
আবেদন প্রক্রিয়া:
১ জুন থেকে ‘অন্নপূর্ণা যোজনা পোর্টাল’-এ অনলাইন আবেদন শুরু হবে। গ্রামীণ এলাকায় বিডিও (BDO) এবং শহরে এসডিও (SDO) বা কলকাতা পুরসভা কর্তৃপক্ষ আবেদন যাচাই করবেন। চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব থাকবে জেলা শাসকের (DM) ওপর। আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT) মাধ্যমে টাকা পাঠানো হবে। নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদনকারী বা ট্রাইব্যুনালে আপিলকারীদের ক্ষেত্রে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা স্থগিত থাকবে।





