রেস্তোরাঁর কর্মী ও গ্রাহকদের মধ্যে মারামারি, যৌন হয়রানির অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি

রাজস্থানের বিখ্যাত নাহারগড় দুর্গের ভেতরে অবস্থিত ‘পদব’ রেস্তোরাঁয় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি নির্দিষ্ট আসন নিয়ে রেস্তোরাঁর কর্মী এবং গ্রাহকদের মধ্যে শুরু হওয়া ছোটখাটো বচসা দ্রুতই সহিংস রূপ ধারণ করে। রেস্তোরাঁর কর্মীরা একত্রিত হয়ে গ্রাহকদের ওপর আক্রমণ করে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যা পুরো ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টা নাগাদ কিছু যুবক ও যুবতী রেস্তোরাঁটিতে খেতে আসেন। তাদের জন্য একটি আসন বুক করা ছিল। কিন্তু সেই আসন নিয়ে ওয়েটারের সঙ্গে তাদের তর্ক শুরু হয়। সেই তর্ক একসময় হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ, রেস্তোরাঁর কর্মীরা একজোট হয়ে গ্রাহকদের মারধর করে। এমনকি, যারা ঝামেলা মেটাতে এসেছিলেন, তাদেরও মারধর করা হয়।

ঘটনার পর উভয় পক্ষই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। মারধরের শিকার হওয়া গ্রাহকরা অভিযোগ করেছেন যে, রেস্তোরাঁর কর্মীরা তাদের শ্লীলতাহানি করেছে, যার প্রতিবাদ করতে গেলে মারামারির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা ব্রহ্মপুরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অন্যদিকে, রেস্তোরাঁর জেনারেল ম্যানেজার অভিযোগ করেছেন যে, ওই গ্রাহকরা এক পুলিশ কর্মকর্তার সুপারিশে এসেছিলেন। ওয়েটারের সাথে তাদের দুর্ব্যবহার এবং এক ওয়েটারকে চড় মারার পর এই বিবাদ আরও বেড়ে যায়।

পুলিশ দুই পক্ষের অভিযোগই নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।