রেলযাত্রীদের জন্য ফের একরাশ দুশ্চিন্তার খবর। রেলওয়ে ডিভিশনে জরুরি রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে আদ্রা ডিভিশনের একাধিক রুটে ট্রেন চলাচলে বড়সড় বিঘ্ন ঘটতে চলেছে। রেল সূত্রে খবর, আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এই ‘রোলিং ব্লক’ চলবে, যার ফলে বেশ কিছু লোকাল ও মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে এবং কয়েকটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে?
আদ্রা ডিভিশন সূত্রে জানানো হয়েছে, আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার (৬৮০৯০/৬৮০৮৯) বাতিল থাকবে। এছাড়া ১৯ এপ্রিল বাতিল করা হয়েছে আদ্রা-ভাগা-আদ্রা মেমু (৬৮৯৭৭/৬৮০৭৮)। ১৭ ও ১৯ এপ্রিল চলবে না ভজুডিহি-চন্দ্রপুরা-ভজুডিহি প্যাসেঞ্জার। আসানসোল রুটেও ভোগান্তি বজায় থাকবে; ১৬ এবং ১৯ এপ্রিল বাতিল থাকবে আদ্রা-আসানসোল-আদ্রা মেমু (৬৮০৬১/৬৮৯৬২)।
পাশাপাশি, আগামী ১৬ এপ্রিল বাতিল থাকবে আদ্রা-বরাভূম-আদ্রা প্যাসেঞ্জার। সবচেয়ে বড় ধাক্কা খাবেন ঝাড়গ্রাম ও ধানবাদ রুটের যাত্রীরা; ১৭ ও ১৯ এপ্রিল ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার (১৮০১৯/১৮০২০) সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে।
রেল কর্তৃপক্ষের দাবি, ট্রেন চলাচলের সুরক্ষা সুনিশ্চিত করতেই এই প্রযুক্তিগত সংস্কার অনিবার্য। তবে সপ্তাহের কাজের দিনগুলোতে এইভাবে একগুচ্ছ ট্রেন বাতিল হয়ে যাওয়ায় নিত্যযাত্রী থেকে শুরু করে দূরপাল্লার সংযোগকারী যাত্রীরা যে চরম সমস্যার সম্মুখীন হবেন, তা বলাই বাহুল্য। স্টেশনে যাওয়ার আগে ট্রেনের সঠিক সময়সূচী একবার মিলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল দপ্তর।





