হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেলেন রাম সিং নামে এক বিএসএফ জওয়ান। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানার বড় বাকড়া এলাকায় ৭৭ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে এই বিধ্বংসী আগুনের ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ওইদিন ক্যাম্পের পেট্রোল ঘর থেকে জাহাজে তেল ভরার কাজ চলছিল। সেই সময়ই আচমকা দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা এতটাই বেড়ে যায় যে, পাম্পের ঘরের ভেতরে থাকা জওয়ান রাম সিং বাইরে বেরোতে পারেননি। তিনি ঘরের ভেতরেই আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার নিরন্তর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শেষরক্ষা হয়নি। ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই জওয়ানের।
সীমান্ত রক্ষী বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে তেল ভরার সময় কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এক কর্তব্যরত জওয়ানের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাহিনীতে।





