রিকশা থেকে ফেলে দিয়ে শিক্ষিকাকে খুন, বাংলাদেশ সংসদ ভবনের সামনে মর্মান্তিক কাণ্ড!

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনায় প্রাণ হারালেন এক স্কুলশিক্ষিকা। শনিবার সকাল সাড়ে ছ’টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে রিকশায় যাওয়ার সময় মোটরবাইক নিয়ে এসে একদল ছিনতাইকারী তাঁর ওপর হামলা চালায়। ব্যাগ ধরে টান দেওয়ায় শিক্ষিকা রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ওই শিক্ষিকার নাম রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলি উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য তিনি শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় চড়ে তিনি ফার্মগেট এলাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছানোর পর একটি চলন্ত মোটরসাইকেল থেকে অতর্কিতভাবে তাঁর ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয় ছিনতাইকারীরা। সেই আকস্মিক টানে রিকশা থেকে সজোরে রাস্তায় লুটিয়ে পড়েন রনজিনা পারভীন। এতে তাঁর মাথা ফেটে গিয়ে মারাত্মক রক্তপাত ঘটে। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খাস রাজধানীর অতি সুরক্ষিত সংসদ ভবনের মতো এলাকায় এ ধরনের রোমহর্ষক অপরাধ নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, অপরাধীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে মোটরবাইক ও ঘটনার সঙ্গে জড়িত পলাতক দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারের জন্য জোরদার অভিযান শুরু করেছে পুলিশ।