জ্যোতিষশাস্ত্রের গণনায় মে মাসের শেষ ভাগ এবার চরম মহাজাগতিক মাহেন্দ্রক্ষণ নিয়ে আসছে। বুধ ও শুক্রের পরম মিতালিতে এবার আকাশে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ ‘লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। জ্যোতিষীদের মতে, এই বিশেষ রাজযোগের প্রভাবে বেশ কিছু রাশির জীবনে রাতারাতি বদলে যেতে পারে ভাগ্যের চাকা, খুলে যেতে পারে অভূতপূর্ব উন্নতির নতুন দরজা। আর্থিক পরিস্থিতিতে আসতে চলেছে বিরাট এবং ইতিবাচক পরিবর্তন।
আসলে ধন, বিলাসিতা ও সৌন্দর্যের কারক গ্রহ শুক্র আগামী ১৪ মে থেকেই মিথুন রাশিতে অবস্থান করছে। এরপর মে মাসের শেষলগ্নে, অর্থাৎ ২৯ মে বুধদেব পা রাখবেন এই একই রাশিতে। ফলে মিথুনের ঘরে বুধ ও শুক্রের যুগল অবস্থানের কারণে এই সময়কে অত্যন্ত ফলদায়ক ধরা হচ্ছে। এই দুই গ্রহের মিলনে যে রাজযোগ তৈরি হবে, তা আগামী ৮ জুন পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ এই ১০ দিন বেশ কিছু রাশির জাতকদের জীবনে অর্থ ও প্রতিপত্তির পথ প্রশস্ত হতে পারে।
জ্যোতিষ গণনা অনুযায়ী, এই সময় কোন কোন রাশির জাতকরা বিশেষ সুবিধা পেতে পারেন, দেখে নেওয়া যাক:
মিথুন রাশি
যেহেতু মিথুন রাশিতেই এই লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে, তাই এই রাশির জাতকদের জন্য সময়টা ইতিবাচক কাটতে পারে। কর্মক্ষেত্রে হঠাতই নতুন বড় দায়িত্ব বা কাঙ্ক্ষিত পদোন্নতির সুযোগ চলে আসতে পারে। বেকার বা চাকরিপ্রার্থীদের কাছে আসতে পারে নতুন চাকরির প্রস্তাব। এমন কিছু কাজ এই ১০ দিনে সফল হতে পারে, যা সুদূর ভবিষ্যতে আর্থিক লাভের রাস্তা পরিষ্কার করে দেবে।
বৃষ রাশি
এই রাজযোগ বৃষ রাশির জাতকদের কর্মজীবনে ভালো সাফল্য এনে দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি মিলতে পারে নতুন কোনও সুযোগ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আচমকাই ফেরত পেয়ে যেতে পারেন। ব্যবসায়ীরা অপ্রত্যাশিত লাভের মুখ দেখতে পারেন। আর যাঁরা সিঙ্গল, তাঁদের বিয়ের সম্ভাবনা কিন্তু আরও জোরদার হতে চলেছে।
সিংহ রাশি
মে মাসের শেষের এই সময়টা সিংহ রাশির জাতকদের সমাজে সম্মান, যশ ও প্রতিপত্তি বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাঁরা সরকারি চাকরি, প্রশাসনিক কাজ কিংবা রাজনীতির জগতের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল। নিজস্ব ব্যবসা থাকলে এই ১০ দিনে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা হঠাৎ কোনও আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায়ীরা নতুন কোনও অর্ডার বা নতুন ক্লায়েন্ট পেয়ে লাভবান হতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে তাঁদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হতে পারে। বেতন বৃদ্ধি কিংবা অতিরিক্ত আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি এই সময়ে মজবুত হতে পারে। বহুদিনের আটকে থাকা টাকা শেষমেশ হাতে আসার যোগ রয়েছে। বড় কোনও জায়গায় বিনিয়োগের সুযোগ মিলতে পারে, তবে জ্যোতিষীদের পরামর্শ, না ভেবেচিন্তে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। তবে শুধু অর্থ নয়, ব্যক্তিগত সম্পর্কেও এই সময় বোঝাপড়া বহুগুণ বাড়তে পারে।
(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস ও জ্যোতিষতাত্ত্বিক গণনার ওপর ভিত্তি করে লেখা। এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই)





