রামপুরহাটে গৃহ শিক্ষকের কুকীর্তি, ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার!

এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে রামপুরহাটে এক গৃহ শিক্ষককে পুলিশের হাতে তুলে দিয়েছে তার পরিবার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শিক্ষকের নাম অভিজিৎ পাল। তিনি একটি সরকারি স্কুলে পার্ট টাইম শিক্ষকতা করেন এবং পাশাপাশি টিউশন পড়ান। অভিযোগ, ছাত্রীকে বাড়িতে পড়ানোর সময় তিনি তাকে নানাভাবে কুপ্রস্তাব ও যৌন হেনস্থা করেন। ভয়ে মেয়েটি এতদিন কাউকে কিছু বলতে সাহস পায়নি। সম্প্রতি রামপুরহাটে এক ছাত্রী খুনের ঘটনার খবর জানতে পেরে সে তার পরিবারের কাছে পুরো বিষয়টি জানায়।
পরিবারের সদস্যরা এই ঘটনা জানার পর আজ অভিযুক্ত শিক্ষককে বাড়িতে ডেকে পাঠান। এলাকার যুবকেরা বিষয়টি জানতে পেরে ওই শিক্ষককে মারধর করে এবং পরে রামপুরহাট থানার পুলিশের হাতে তুলে দেয়।
ভুক্তভোগী ছাত্রীটি বর্তমানে কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে ভেঙে পড়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।