রহস্যের মুখে পথ দুর্ঘটনা! কেন্দ্রীয় আমলার মৃত্যুতে বিএমডব্লিউ চালকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

রবিবার দিল্লির রাস্তায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আমলার। তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি বিএমডব্লিউ গাড়ি। মৃত আমলার নাম নভজ্যোৎ সিং (৫২)। তিনি অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্সের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে রবিবার বিকেলে দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে রিং রোডে। নভজ্যোৎ সিং তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন, তখনই একটি বিএমডব্লিউ গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, গগনদীপ সিং নামে এক নারী গাড়িটি চালাচ্ছিলেন এবং তার স্বামীও গাড়িতে ছিলেন। দুর্ঘটনার পর তারাই আহত দম্পতিকে একটি ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু এখানেই রহস্যের শুরু। মৃত নভজ্যোৎ সিংয়ের ছেলে অভিযোগ তুলেছেন, যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে তার কাছাকাছি হাসপাতাল থাকা সত্ত্বেও কেন প্রায় ২২ কিলোমিটার দূরে একটি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলো?
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, যে হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছিল, তার মালিক বিএমডব্লিউ চালকের পরিচিত। পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে।
এই দুর্ঘটনার পর পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। এতে বিএমডব্লিউ-এর চালক গগনদীপ সিং এবং তার স্বামী পরীক্ষিত কক্করের বিরুদ্ধে তথ্য গোপন এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। আহত অবস্থায় ওই দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এখনও তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি। তদন্তের পর আরও অনেক তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।