ফুল প্যান্ট পরলেই কি মশার কামড় থেকে ১০০% সুরক্ষা? জানলে চমকে যাবেন!

মশার উপদ্রব থেকে বাঁচতে বাইরে বের হওয়ার সময় আমরা অনেকেই ফুল প্যান্ট ও গা-ঢাকা পোশাককে একমাত্র সুরক্ষা বলে ধরে নিই। কিন্তু বিজ্ঞানীদের মতে, শুধু ফুল প্যান্ট পরলেই যে মশার কামড় থেকে পুরোপুরি রক্ষা পাওয়া সম্ভব, তা একেবারেই নয়। পোশাকের ধরন, কাপড়ের বুনন এবং ফিটিংসের ওপর নির্ভর করে মশা আপনার ত্বক পর্যন্ত পৌঁছাতে পারবে কি না।
নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের তথ্য অনুযায়ী, মশার মুখের অংশ অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় পাতলা সুতির কাপড়ের ক্ষুদ্র ফাঁক গলিয়ে তা অনায়াসে ত্বকে পৌঁছে যায়। আবার অতিরিক্ত আঁটসাঁট পোশাক বা টাইট লেগিংস পরলেও সমস্যা বাড়ে, কারণ কাপড়ের সঙ্গে ত্বক সরাসরি লেগে থাকায় মশা কাপড়ের ওপর বসেই কামড়ানোর সুযোগ পেয়ে যায়।
মশার আক্রমণ থেকে নিরাপদ থাকতে দৈনন্দিন পোশাকে কিছু পরিবর্তন আনা জরুরি:
ঘন বুননের কাপড়: খুব পাতলা সুতির বদলে কিছুটা ঘন বা নিবিড় বুননের ফেব্রিক বেছে নিন।
ঢিলেঢালা পোশাক: একেবারে শরীরের সঙ্গে চেপে থাকে এমন পোশাকের বদলে কিছুটা লুজ ফিটিং বা ঢিলেঢালা পোশাক পরুন, যাতে ত্বক ও কাপড়ের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় থাকে।
রিপেলেন্ট ব্যবহার: প্রয়োজনে খোলা ত্বকে ভালো মানের মশা প্রতিরোধক বা রিপেলেন্ট ব্যবহার করুন। বিশেষ করে সকাল ও সন্ধ্যার দিকে মশার উপদ্রব বেশি থাকায় এ সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।
পোশাক নির্বাচনের পাশাপাশি বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া এবং নিয়মিত পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাসই আপনাকে মশার হাত থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারে।