ইলিশপ্রেমীদের জন্য দুঃসংবাদ! আইনের তোয়াক্কা না করে অবাধে বিক্রি হচ্ছে জাটকা ইলিশ, সংকটে প্রজনন

পুজোর আগে ইলিশপ্রেমীদের জন্য দুঃসংবাদ। আইনের তোয়াক্কা না করে ৫০০ গ্রামের কম ওজনের ছোট ইলিশ (Hilsa) বা জাটকা এখন বাজারে অবাধে বিক্রি হচ্ছে। বিশ্বকর্মা ও রান্নাপূজার কারণে এই সময়ে ইলিশের চাহিদা তুঙ্গে থাকে, আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা দেদার বিক্রি করছে ছোট ইলিশ।
মৎস্য দপ্তর বারবার ঘোষণা করেছে যে, ২৩ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ ধরা এবং বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও, ৯০ মিলিমিটারের কম ফাঁসের জাল ব্যবহার করাও আইনত দণ্ডনীয় অপরাধ। মৎস্য বিশেষজ্ঞদের মতে, ইলিশ মাছ সাধারণত ২৩ সেন্টিমিটার বা তার বেশি আকারে পৌঁছানোর পর ডিম ছাড়ে এবং প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। ছোট ইলিশ ধরা হলে সেই মাছগুলো প্রজনন করার আগেই নদী বা সাগর থেকে হারিয়ে যায়। এর ফলে ইলিশের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদন মারাত্মকভাবে কমে যাচ্ছে, যা আগামী দিনে ইলিশের অস্তিত্বকে বিপন্ন করে তুলবে।
ছোট ইলিশের দাম তুলনামূলক কম হওয়ায় সাধারণ ক্রেতারা সহজেই এই মাছ কিনছেন। এর ফলে অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ীদের লোভ আরও বাড়ছে। যারা আইন মেনে বড় ইলিশ ধরার চেষ্টা করছেন, তারা এই অসাধু ব্যবসায়ীদের কারণে সমস্যায় পড়ছেন। এই প্রবণতা চলতে থাকলে কয়েক বছরের মধ্যেই বাজারে ইলিশের সংখ্যা বিপজ্জনকভাবে কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।