রণবীর-যশের ‘রামায়ণ’ ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে! শূর্পণখার লুক নিয়ে কী বললেন রাকুল প্রীত?

বলিউডের অন্যতম মেগা বাজেট এবং সবচেয়ে আলোচিত প্রজেক্ট নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ (Ramayana)। এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের উত্তেজনা ও উন্মাদনা একেবারে তুঙ্গে। ছবির প্রতিটি চরিত্রের কাস্টিং এবং অভিনব লুক নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে চলছে জোরদার চর্চা। তবে এর মধ্যেই বিশেষভাবে নজর কেড়েছে রাবণের বোন ‘শূর্পণখা’-র চরিত্রে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের (Rakul Preet Singh) উপস্থিতি। সম্প্রতি এক অনুরাগীর পাঠানো খোলা চিঠির জবাবে এই চ্যালেঞ্জিং চরিত্রটি বেছে নেওয়ার নেপথ্যের আসল কারণ এবং এর গভীরতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

কেন শূর্পণখার চরিত্রে অভিনয়?

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (প্রাক্তন টুইটার) এক অনুরাগী রাকুলকে একটি সুন্দর খোলা চিঠি লেখেন। সেখানে তিনি উল্লেখ করেন, ইতিহাসজুড়ে সাধারণ মানুষ শূর্পণখাকে কেবল একটি নির্দিষ্ট ঘটনার জন্যই মনে রেখেছে, অথচ এই চরিত্রের মধ্যে যে গভীর মনস্তাত্ত্বিক জটিলতা ও প্রভাব রয়েছে, তা পুরো মহাকাব্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল। একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে এই জটিল চরিত্রটি বেছে নেওয়ার জন্য রাকুলকে ধন্যবাদও জানান ওই ব্যক্তি।

কী বার্তা দিলেন রাকুল প্রীত সিং?

অনুরাগীর সেই চিঠি পড়ে চুপ থাকতে পারেননি অভিনেত্রী। তার উত্তরে রাকুল এক্স হ্যান্ডেলে লেখেন, “এই সুন্দর চিঠিটা লেখার জন্য অনেক ধন্যবাদ। শূর্পণখা চরিত্রটিতে হ্যাঁ বলার মূল কারণ ছিল এর জটিলতা বা কমপ্লাক্সিটি। ইতিহাস হয়তো তাঁকে কেবল একটিমাত্র মুহূর্তের জন্য মনে রাখে, কিন্তু তাঁর কাহিনীর মধ্যে আরও অনেক কিছু লুকিয়ে রয়েছে। একজন অভিনেতা হিসেবে যে সমস্ত চরিত্র প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায়, সেগুলি ফুটিয়ে তুলতে সবচেয়ে বেশি রোমাঞ্চ অনুভব করি। আমি আশা করি, দর্শকরা যখন ‘রামায়ণ’ দেখবেন, তখন সম্পূর্ণ খোলা মনে এই চরিত্রটিকে নতুনভাবে আবিষ্কার করবেন।”

তারকাবহুল মেগা প্রজেক্ট

উল্লেখ্য, পরিচালক নিতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবিতে ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor), মা সীতার চরিত্রে থাকছেন সাই পল্লবী (Sai Pallavi) এবং লঙ্কারাজ রাবণের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশকে (Yash)। আগামী দীপাবলিতে মুক্তি পেতে চলা এই মহাকাব্যিক ছবিটিকে কেন্দ্র করে এখন থেকেই বলিপাড়ায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।