মাথার খুলি থেঁতলে যৌনাঙ্গে লোহার রড! নাবালিকাকে পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় তোলপাড় দেশ

অসমের হাইলাকান্দি জেলা থেকে সামনে এল এক অত্যন্ত মর্মান্তিক, পৈশাচিক ও না গেয়ে ওঠার মতো নৃশংস ঘটনা। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ১৫ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর নির্মমভাবে খুন করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অপরাধ ঢাকতে মেয়েটির মাথা থেঁতলানোর পাশাপাশি তাঁর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেওয়ার মতো বর্বরোচিত কায়দার অভিযোগ সামনে আসতেই দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে অসমের হাইলাকান্দি জেলার কাটলিচেরা থানা এলাকার ৪ নম্বর সেকশনের জাতীয় সড়ক-৬ এর কাছাকাছি একটি এলাকায়। নির্যাতিতার মায়ের দেওয়া বয়ান অনুযায়ী, গত রবিবার রাতে তিনি স্থানীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গিয়েছিলেন। সেই সময় বাড়িটিতে ওই কিশোরী সম্পূর্ণ একাই ছিল।
মায়ের অভিযোগ, তিনি বাড়ি থেকে বের হওয়ার পরেই সুযোগ বুঝে আগে থেকে ওত পেতে থাকা কিছু দুষ্কৃতী বাড়িতে প্রবেশ করে। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে কিশোরীকে গণধর্ষণ করা হয় এবং পরবর্তীতে চরম নৃশংসতায় তাকে হত্যা করা হয়। অনুষ্ঠান বাড়ি থেকে মা ফিরে এসে ঘরের ভেতর মেয়ের রক্তাক্ত ও নিথর দেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন এবং তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন।
এলাকাবাসীর তীব্র বিক্ষোভ ও পুলিশের পদক্ষেপ
এই নৃশংস হত্যাকাণ্ডের খবর দাবানলের মতো এলাকায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে অসম ও মিজোরাম সংলগ্ন ৬ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান তাঁরা।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রলে আনতে নেমে পুলিশ এই পৈশাচিক ঘটনায় ইতিমধ্যেই পাঁচজন যুবককে আটক করেছে। অপরাধীদের শনাক্ত করতে এবং ঘটনার নেপথ্যে আসল সত্য উদ্ঘাটন করতে বর্তমানে ধৃতদের লাগাতার জেরা করা হচ্ছে। অসম পুলিশের পক্ষ থেকে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।