রক্তাক্ত বৃদ্ধ মাটিতে, চারপাশে লোক! সারিতা বিহারে হামলার ঘটনায় অভিযুক্ত কীভাবে শহর ছেড়ে পালাতে চেয়েছিল?

দিল্লির সারিতা বিহারে এক ভয়ঙ্কর হামলার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। অবৈধ কাজের বিরুদ্ধে পুর কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর ‘শাস্তি’ হিসেবে প্রকাশ্য রাস্তাতেই এক বৃদ্ধের উপর নৃশংস হামলা চালানো হয়। শুক্রবারের এই ঘটনায় অভিযুক্ত মোহিত কুমারকে শহর ছেড়ে পালানোর আগেই দ্রুত গ্রেফতার করেছে পুলিশ।

কীভাবে ঘটে হামলা? হামলার একটি চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গিয়েছে, প্রকাশ্য দিনের আলোয় রঘুরায় সিংহ নামে ওই বৃদ্ধকে রড দিয়ে আক্রমণ করছে অভিযুক্ত মোহিত কুমার। রঘুরায় সিংহ তাঁর অভিযোগে জানিয়েছেন, তিনি গাড়ি নিয়ে লাজপত নগর যাওয়ার পথে বাইকে দুই ব্যক্তি তাঁর পথ আটকায়। এরপর অভিযুক্ত মোহিত বাইক থেকে নেমে প্রথমে রড দিয়ে তাঁর গাড়ির কাচ ভেঙে দেয়। রঘুরায় গাড়ি থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই মোহিত রড নিয়ে তাঁকে আক্রমণ করে।

ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ রঘুরায় মাটিতে পড়ে গেলেও মোহিত বারবার তাঁর উপর আঘাত করে চলেছে। তিনি কনুইয়ের কাছ থেকে রক্তাক্ত হন। এমনকি, আশপাশের লোকজন তাঁকে থামানোর চেষ্টা করলেও মোহিত রড নিয়ে তাদের দিকেও তেড়ে যায়। হামলা শেষে আক্রমণকারী এবং তার সঙ্গী বাইকে চড়ে পালিয়ে যায়।

দাড়ি কামিয়ে পালানোর চেষ্টা: রঘুরায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ মোহিতের খোঁজ শুরু করে। দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ খবর পায় যে, অভিযুক্ত আনন্দ বিহার বাস টার্মিনাল থেকে বাসে চেপে মিরাটে পালাতে পারে। পরিচয় গোপন করার জন্য মোহিত তার দাড়ি কামিয়ে ফেলেছিল। কিন্তু পুলিশের একটি দল সময়মতো বাস্ট্যান্ডে পৌঁছে তাকে হাতেনাতে ধরে ফেলে।

জিজ্ঞাসাবাদের সময় মোহিত পুলিশকে জানায়, রঘুরায় সিংহ তার বিল্ডিংয়ের অবৈধ কাজ নিয়ে অভিযোগ করায় পুর কর্তৃপক্ষ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। এই রাগে সে বৃদ্ধকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। উপ-পুলিশ কমিশনার আদিত্য গৌতম জানান, পালিয়ে যাওয়ার আগেই অভিযুক্তকে ধরা সম্ভব হয়েছে, ফলে আক্রান্ত ব্যক্তি সুবিচার পাবেন।