রক্তক্ষয়ী খেলা! মালদহে তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি চালাল সহকর্মীই, ক্রিকেট ম্যাচ নিয়ে তুঙ্গে বিবাদ

বছরের শুরুতেই ফের উত্তপ্ত মালদহ! এবার খোদ শাসকদলের কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তাঁরই এক সহকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে কালিয়াচক থানার কাশিমনগর নিচুপাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। গুলিতে গুরুতর আহত হয়েছেন জামালুদ্দিন শেখ নামের এক সক্রিয় তৃণমূলকর্মী। বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
খেলার মাঠ থেকে সালিশি সভা: ঘটনার সূত্রপাত একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে। জানা গিয়েছে, এলাকায় চলা একটি ক্রিকেট খেলায় গণ্ডগোল শুরু হলে সোমবার রাতে তা নিয়ে সালিশি সভা বসে। কিন্তু সেখানেও বিবাদ মেটার বদলে চরম আকার নেয়। অভিযোগ, সেই আক্রোশ থেকেই মঙ্গলবার সকালে বাবর আলি ও তাঁর ছেলে হেদায়েত জামালুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালায়।
রক্তাক্ত পরিবার: দুষ্কৃতীরা জামালুদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি তাঁর ছেলে সামিম শেখ এবং ভাইপো সাদ্দাম শেখকেও রেয়াত করেনি। তাঁদের বন্দুকের বাঁট দিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ। উল্লেখ্য, গত বছরের ২ জানুয়ারি এই মালদহেই খুন হয়েছিলেন তৃণমূল নেতা দুলাল সরকার। ঠিক এক বছর পর একই কায়দায় তৃণমূলকর্মীর ওপর হামলার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।