যমুনার জলেই ভাসছে তাজমহল! গত ৪৫ বছরে এই প্রথম এমন ভয়াবহ দৃশ্য

কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে আবারও ফুঁসছে যমুনা নদী। আগ্রায় যমুনার জলস্তর এতটাই বেড়েছে যে, তা তাজমহলের সীমানা প্রাচীর ছুঁয়ে ফেলেছে। নদীর জল বাড়ার কারণে বেশ কিছু তীরবর্তী অঞ্চলের ঘরবাড়ি ইতিমধ্যেই ভেসে গেছে। তবে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) জানিয়েছে, তাজমহলের মূল অংশের কোনও ক্ষতি হয়নি।

মঙ্গলবার সকালেই যমুনার জলস্তর বিপদসীমা (২০৫.৩৩ মিটার) পার করে লোকালয়ে প্রবেশ করে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই ৮,০১৮ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয় শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে যমুনার এমন ভয়ঙ্কর রূপ দেখা গিয়েছিল ১৯৭৮ সালে। প্রায় ৪৫ বছর পর গত বছরও যমুনার জল তাজমহল কমপ্লেক্সের বাইরের প্রাচীর ছুঁয়ে ফেলেছিল এবং পিছনের দিকের বাগান প্লাবিত হয়েছিল। এবার আবারও সেই দৃশ্য ফিরে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।

প্রশাসন এবং বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক দিনে যমুনার জলস্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আরও কিছু এলাকা প্লাবিত হতে পারে। তবে তাজমহলের মূল কাঠামো সুরক্ষিত রাখার জন্য সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।