মেসোমশাইয়ের আর্থিক লেনদেনই কি কাল হলো!১৭ বছরের কিশোরীকে গলা কেটে খুন, মুম্বইয়ে চাঞ্চল্য!

মুম্বইয়ের পারমেল এলাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা মফিজুল শেখ। সেখানেই স্ত্রী এবং ১৭ বছরের মেয়ে তামান্নাকে নিয়ে থাকতেন তিনি। সম্প্রতি তাদের ১৭ বছরের মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার মেসোমশাই আইয়ুব মিস্ত্রিকে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

কীভাবে খুন করা হলো?
ঘটনাটি ঘটে ১৯ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১১টা নাগাদ। সে সময় তামান্না বাড়িতে একা ছিল। সুযোগ বুঝে তার মেসোমশাই আইয়ুব মিস্ত্রি ঘরে ঢুকে পড়েন। পেছন থেকে প্রথমে মাথায় আঘাত করে তামান্নাকে মেঝেতে ফেলে দেওয়া হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার গলার নলি কেটে দেয় আইয়ুব। এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর পর সে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বিকেল ৫টা নাগাদ তামান্নার বাবা-মা বাড়িতে ফিরে মেয়ের নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পারমেল থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তামান্নার মৃতদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

গ্রেফতার ও খুনের স্বীকারোক্তি
শনিবার আইয়ুব মিস্ত্রিকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে সে খুনের কথা স্বীকার করেছে। জানা গেছে, ধৃত আইয়ুব মিস্ত্রির বাড়ি বসিরহাটের মাটিয়া থানার ঘোড়া রাস এলাকায়। পুলিশ মনে করছে, তামান্নার বাবার সঙ্গে আইয়ুবের আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। এই ঘটনা মুম্বইয়ে থাকা বাঙালি পরিবারগুলোর মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছে।