‘মেধাবী হলেই অপরাধ থেকে মুক্তি নয়,’ পুণের ছাত্রীর মামলায় কড়া মন্তব্য হাইকোর্টের!

বম্বে হাইকোর্ট পুণের এক ১৯ বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজ করতে অস্বীকার করেছে। ছাত্রীটির বিরুদ্ধে ভারতীয় সেনার ‘সিঁদুর অভিযান’ নিয়ে একটি আপত্তিকর পোস্ট করার অভিযোগ রয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম আংখদের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, “মেধাবী পড়ুয়া হলেই যে কেউ অপরাধ থেকে মুক্তি পেয়ে যাবেন, এমনটা হতে পারে না।”
মে মাসে শিনগড অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের ওই ছাত্রী ভারতীয় সেনার একটি অভিযান নিয়ে বিতর্কিত পোস্ট করেন। যদিও দুই ঘণ্টার মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন এবং পরে ক্ষমাও চান। তার দাবি ছিল, আইনশৃঙ্খলা বিঘ্নিত করা তার উদ্দেশ্য ছিল না। তা সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
ছাত্রীর আইনজীবী ফারহানা শাহ আদালতে এফআইআর খারিজের আবেদন করেছিলেন। তিনি বলেন, ছাত্রী অনুতপ্ত, পোস্ট মুছে ফেলেছেন, এবং পরীক্ষায় ভালো ফল করেছেন। কিন্তু আদালত জানায়, এটি একটি গুরুতর অপরাধ এবং পড়ুয়া হওয়া জামিনের কারণ হতে পারে, কিন্তু এফআইআর খারিজের ভিত্তি হতে পারে না।
এই ঘটনার পর ছাত্রীটি পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগ এনেছিলেন। তার দাবি ছিল, তাকে গ্রেফতারের কারণ জানানো হয়নি এবং সূর্যাস্তের পর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। গ্রেফতারের পর কলেজ তাকে বহিষ্কার করে, যার ফলে তার শিক্ষাজীবন সংকটে পড়ে। পরবর্তীতে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করে, বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করে এবং পরীক্ষায় বসার অনুমতি দেয়।
বর্তমানে এই মামলায় আদালত পুলিশের কাছ থেকে সিল করা খামে কেস ডায়েরি তলব করেছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ অক্টোবর।