ভাত নাকি রুটি, কোনটা স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ভালো?

বাঙালিদের প্রিয় খাবার ভাত। তবে ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি বাড়ার কারণে অনেকেই ভাতের বদলে রুটি খাওয়া শুরু করেছেন। এই বিষয় নিয়ে বিতর্ক চলতেই থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভাত ও রুটির মধ্যে তুলনা না করে আমাদের খাদ্যাভ্যাস ও পরিমাণের ওপর মনোযোগ দেওয়া জরুরি।
কার্বোহাইড্রেটের ভূমিকা:
ভাত এবং রুটি দু’টিতেই কার্বোহাইড্রেট থাকে। তবে ডায়েটিশিয়ানদের মতে, মোটা আটা বা বেশি ফাইবারযুক্ত রুটি স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এতে শর্করার পরিমাণ কম থাকে। অন্যদিকে, মিহি ময়দা দিয়ে বানানো রুটি সাদা ভাতের মতোই শরীরে দ্রুত শর্করা বাড়াতে পারে। একইভাবে, বেশি পালিশ করা সাদা চালের বদলে পালিশ ছাড়া বাদামি চাল বা ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য বেশি উপকারী।
আপনার জন্য কোনটি উপযুক্ত?
ডায়েটিশিয়ানরা বলেন, যারা ভারী পরিশ্রম করেন এবং বেশি শক্তির প্রয়োজন, তাদের জন্য ভাত ভালো। অন্যদিকে, যারা বসে বসে কাজ করেন এবং যাদের ক্যালোরি কম প্রয়োজন, তাদের জন্য রুটি ভালো। ফাইবারযুক্ত রুটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে। এর সঙ্গে বিভিন্ন শাক-সবজি মিশিয়ে রুটি বানালে তা আরও স্বাস্থ্যকর হয়। ডায়াবেটিস বা রক্তে শর্করার সমস্যা থাকলে বেশি ফাইবারযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
সঠিক খাদ্যাভ্যাস:
বিশেষজ্ঞদের মতে, রুটি ভালো প্রোটিনের সঙ্গে খেলে তা আরও বেশি স্বাস্থ্যকর হয়। নিরামিষভোজীরা রুটির সঙ্গে ডাল বা সবজি খেতে পারেন। প্রত্যেক ব্যক্তির খাদ্যাভ্যাস তার শারীরিক কার্যকলাপ, বয়স এবং জীবনধারার উপর নির্ভর করে। তাই, ভাত না রুটি— এই সিদ্ধান্তটি আপনার ব্যক্তিগত চাহিদা ও স্বাস্থ্য পরিস্থিতি অনুযায়ী নিতে হবে।