মৃত্যু ৬ শ্রমিকের, গুরুতর আহত আরও ৩, বীরভূমের পাথর খাদানে আচমকা ধসে ভয়াবহ বিপদ

পুজোর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে ধস নেমে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে পাথর তোলার কাজ করার সময় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের দ্রুত উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই এদিন দুপুরে শ্রমিকরা খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন। হঠাৎই খাদানের একটি বড় অংশে ধস নামে। এতে সেখানে কর্মরত ন’জন শ্রমিক চাপা পড়ে যান। ধসের খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের অন্যান্য খাদানের শ্রমিকরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। সেখান থেকে প্রাথমিকভাবে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও চারজনকে, যাদের মধ্যে পরে আরও একজনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা দাঁড়ায় ছয়। আহত তিনজনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কেউ ধসের নিচে চাপা পড়ে আছে কিনা, তা জানতে এখনও তল্লাশি চলছে।

নিহত এবং আহত শ্রমিকদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। সাধারণত, এই এলাকার স্থানীয় বাসিন্দারাই পাথর খাদানগুলোতে কাজ করেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক। তাঁদের অবস্থা স্থিতিশীল হলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে।

এই দুর্ঘটনার ফলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাথর খাদানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।