পুজোর আগেই বড় চমক, এবার ডাক্তারের ভূমিকায় নীল ভট্টাচার্য, জুটি বাঁধছেন জনপ্রিয় এই অভিনেত্রীর সঙ্গে

পুজোর আগেই নতুন ধারাবাহিক নিয়ে ছোটপর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। এবার তাঁকে দেখা যাবে এক চিকিৎসকের ভূমিকায়। ‘অমর সঙ্গী’ ধারাবাহিক শেষ হওয়ার প্রায় সাত মাস পর লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-তে ডা. শাখ্য চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন নীল। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী মধুমিতা সরকার।

ইটিভি ভারতের সঙ্গে এক সাক্ষাৎকারে নীল জানান, “আমার বাবা চাইতেন আমি ডাক্তারি পড়ি। কিন্তু অঙ্কে দুর্বলতার কারণে আমি তাঁর সেই স্বপ্ন পূরণ করতে পারিনি। তবে এখন অন্তত পর্দায় তিনি আমাকে ডাক্তার হিসেবে দেখতে পাবেন। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি।”

নীল ভট্টাচার্যের টেলি ক্যারিয়ার দীর্ঘদিনের। ‘ঠিক যেন লাভ স্টোরি’, ‘স্ত্রী’, ‘কৃষ্ণকলি’, ‘উমা’, ‘বাংলা মিডিয়াম’, ‘অমর সঙ্গী’-র মতো জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। এবার লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা এবং ম্যাজিক মোমেন্টস-এর প্রযোজনায় নতুন এই ধারাবাহিকে নীলকে দেখা যাবে এক শান্ত, গম্ভীর এবং ব্যক্তিত্ববান চরিত্রে।

নতুন জুটি নিয়ে অভিনেতা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, “আগে মধুমিতার সঙ্গে আমার কাজ করা হয়নি। তবে এই ধারাবাহিকের জন্য অনেকগুলো দৃশ্যের শুটিং হয়ে গেছে। মধুমিতা খুবই সাবলীল ও সহজাত একজন অভিনেত্রী। আমি আশাবাদী, আমাদের এই নতুন জুটিও দর্শকদের মন জয় করবে।”

পুজোর আগে কাজের ব্যস্ততা প্রসঙ্গে নীল বলেন, “পুজোর আনন্দ যেমন আছে, তেমনই নতুন কাজকে ভালো করে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার একটা তাগিদও আছে। দুটো মিলিয়েই আমি খুব খুশি। প্রত্যেক বছরই পুজোর আগে আমাদের ব্যস্ততা বেড়ে যায়, এটা এখন অভ্যাসে পরিণত হয়েছে।”

সামনে পুজো হলেও এখনও কোনো নির্দিষ্ট পরিকল্পনা করেননি নীল। তিনি জানান, “হঠাৎ করেই বন্ধুদের সঙ্গে প্ল্যান হয়। কেউ ফোন করল, তারপরই আড্ডা বা ঘুরতে বেরিয়ে পড়া। এভাবেই পুজো কাটে।” ভবিষ্যতে বাস্তব জীবনের পার্টনার তৃণার সঙ্গেও কাজ করতে চান তিনি। ভালো গল্প আর প্রযোজকের অপেক্ষায় আছেন বলে জানান এই অভিনেতা।

আগামী দিনের কাজের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে নীল বলেন, “আপাতত এই নতুন ধারাবাহিকের ওপরই আমি মনযোগ দিতে চাইছি। পুজোর সময়ে দর্শকের কাছে একটা নতুন গল্প নিয়ে আসছি। সেটা যাতে তাঁদের ভালো লাগে, এখন সেই দিকেই আমার পুরো মনোযোগ। পাশাপাশি মিউজিক ভিডিও-ও আসবে।