“মুসলিমদের গরু-ছাগল মনে করেন মমতা!” বাংলায় পা রেখেই তৃণমূল নেত্রীকে নজিরবিহীন আক্রমণ ওয়েইসির

পশ্চিমবঙ্গে বিজেপির শক্তিবৃদ্ধির জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই কাঠগড়ায় তুললেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর বিস্ফোরক দাবি, তৃণমূল নেত্রী মুসলিমদের শুধুমাত্র ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করেন। মালদা ও মুর্শিদাবাদে ৯টি আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে ওয়েইসি বলেন, “মমতা মুসলিমদের গরু-ছাগলের মতো ব্যবহার করেন। ভোটের আগে কাছে টানেন, আর কাজ মিটলে ছুড়ে ফেলে দেন।”

বিজেপির ‘বি-টিম’ তকমা উড়িয়ে দিয়ে ওয়েইসি পাল্টা মনে করিয়ে দেন, মমতা ব্যানার্জি নিজেই একসময় এনডিএ জোটের শরিক ছিলেন এবং গুজরাট দাঙ্গার সময়ও বিজেপির মন্ত্রিসভায় ছিলেন। তাঁর প্রশ্ন, “কেন মুসলিমদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) তৈরি করা হচ্ছে না?” সম্প্রতি তৃণমূল থেকে আসা হুমায়ুন কবীরের সঙ্গে জোট ভাঙার প্রসঙ্গ টেনে তিনি জানান, বিশ্বাসঘাতকতার পর এখন মিম একাই লড়বে।

২০২১-এর বিধানসভা ভোটে তেমন প্রভাব ফেলতে না পারলেও, ২০২৬-এর লড়াইয়ে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও আসানসোলের ৯টি আসনে কোমর বেঁধে নামছে ওয়েইসির দল। রাজনৈতিক মহলের মতে, ওয়েইসির এই ‘একলা চলো’ নীতি শাসকদলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসালে আখেরে ফায়দা হতে পারে বিরোধী শিবিরের।